Logo
×

Follow Us

বাংলাদেশ

দুষ্টচক্রই অভিবাসন খাতকে কলুষিত করেছে: নুর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:৫৮

দুষ্টচক্রই অভিবাসন খাতকে কলুষিত করেছে: নুর

অভিবাসন খাতের অনিয়ম ও দুষ্টচক্রের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, অতীতে এ খাতে একটি দুষ্টচক্র সক্রিয় ছিল, যারা সাধারণ মানুষকে প্রতারণা ও হয়রানির মাধ্যমে ভোগান্তিতে ফেলেছে। বর্তমানে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং মন্ত্রণালয়ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছে।

গত ২ আগস্ট রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬–২০৩০)’ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, “বাংলাদেশের অভিবাসন খাতের মূল শক্তি আমাদের লাখ লাখ প্রবাসী কর্মী। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে তারা বিদেশে যান। তারা শুধু নিজেদের পরিবারের জীবনমান উন্নয়নে নয়, রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতির পাশাপাশি কর্মরত দেশগুলোর অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।”

তিনি আরো বলেন, “বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি তাদের নিরাপত্তা, মানসম্মত কর্মপরিবেশ এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। সেই লক্ষ্যেই নতুন জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।”

প্রতিমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এক কোটি দক্ষ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে। বর্তমানে মন্ত্রণালয়ের অধীন ১১০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের জন্য ওয়ান-স্টপ সেবা নিশ্চিত করতে আগামী ছয় মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে।

এই কার্ডের মাধ্যমে ব্যাংকিং পেমেন্ট গেটওয়েসহ ১০টি গুরুত্বপূর্ণ নাগরিকসেবা পাওয়া যাবে। পাসপোর্ট নবায়ন, দূতাবাসে কাঙ্ক্ষিত সেবা এবং বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির মতো সমস্যার সমাধানে সরকার কাজ করছে।

নুরুল হক নুর বলেন, “প্রবাসী কার্ড চালুর মাধ্যমে এসব ভোগান্তি অনেকটাই কমে আসবে। আমরা প্রবাসীদের অধিকার ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

Logo