নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা উদ্বোধন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:৫৬
ঢাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ২০২৬-২০৩০ মেয়াদের জাতীয় কর্মপরিকল্পনা, যার লক্ষ্য নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা। ২ আগস্ট রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মপরিকল্পনার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ অভিবাসন চুক্তি কর্মদলের সহসভাপতি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জাতিসংঘের অভিবাসন সংস্থার (আইওএম) সমন্বয়ে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আইওএম বাস্তবায়িত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় কর্মপরিকল্পনা প্রণয়নে কারিগরি সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, জাতিসংঘের অভিবাসন সংস্থার উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস, জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক এবং বাংলাদেশে আইওএমের প্রধান ড. লরা টম বন্দ।
এছাড়া পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোক্তার আহমেদ বাংলাদেশের অভিবাসন চুক্তি বাস্তবায়নের যাত্রা, অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরেন। তারা জানান, এ বছরের ২১ মে জাতীয় কর্মপরিকল্পনাটি মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।
বক্তারা বলেন, কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক অংশীদার, নাগরিক সমাজ, বেসরকারি খাত এবং অভিবাসীদের মধ্যে টেকসই সহযোগিতা অপরিহার্য। একই সঙ্গে নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা, জাতীয় উন্নয়নে অভিবাসনের ইতিবাচক অবদান বাড়ানো এবং বাংলাদেশি অভিবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে বৈশ্বিক অভিবাসন চুক্তি বাস্তবায়নে বাংলাদেশের নবায়ন করা অঙ্গীকারও তুলে ধরা হয়। পাশাপাশি জাতীয় কর্মপরিকল্পনার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন, নাগরিক সমাজের প্রতিনিধিদের প্রতিক্রিয়া উপস্থাপন, বাংলাদেশের অভিবাসন চুক্তি বাস্তবায়নের যাত্রা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বিষয়ভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়।
logo-1-1740906910.png)