Logo
×

Follow Us

বাংলাদেশ

জুলাইয়েও বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

২৯ দিনে এসেছে ২৭১ কোটি ডলার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:৩০

২৯ দিনে এসেছে ২৭১ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বিগত মাসের মতো জুলাইয়েও শক্ত অবস্থানে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে, জুলাই মাসের ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৭১ কোটি ডলার।  

সেই হিসেবে জুলাই মাসে প্রতিদিন গড়ে এসেছে প্রায় ৯ কোটি ৩৩ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১৮ দশমিক ৯০ শতাংশ।

২০২৫ সালের জুলাইয়ের প্রথম ২৯ দিনে দেশে এসেছিল ২২৭ কোটি ৬০ লাখ ডলার। এবার একই সময়ে এসেছে ২৭০ কোটি ৭০ লাখ ডলার, যা বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর ইতিবাচক প্রবণতারই প্রতিফলন।

সাম্প্রতিক মাসগুলোর তথ্যও দেখায়, রেমিট্যান্স ধারাবাহিকভাবে উচ্চ অবস্থানে রয়েছে। গত জুনে এসেছে ২৮১ কোটি ৭০ লাখ ডলার, মে মাসে ৩৪২ কোটি ৫০ লাখ ডলার, এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে। যদিও জুনে কিছুটা কমেছিল, জুলাইয়ে আবারো শক্তিশালী প্রবাহ দেখা যাচ্ছে।

২০২৫-২৬ অর্থবছরে দেশে এসেছে ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন (৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরের সর্বোচ্চ প্রবাসী আয়।

রেমিট্যান্স আহরণে শীর্ষে আছে ইসলামী ব্যাংক। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ কৃষি ব্যাংক এবং তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক। ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের রেমিট্যান্সের পরিমাণের পার্থক্য কমে আসছে। ইসলাম ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৫৭ মিলিয়ন ডলার আর কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩০১ মিলিয়ন ডলার। 

তৃতীয় অবস্থানে থেকে ব্র্যাক ব্যাংকের রেমিট্যান্স আহরণ করেছে, ২২৬ মিলিয়ন ডলার। 

আর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে অগ্রণী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ঢাকা ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রেমিট্যান্স সংগ্রহে বেসরকারি ব্যাংকগুলোর অবদান সবচেয়ে বেশি। বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা অব্যাহত থাকায় সামনের মাসগুলোতেও রেমিট্যান্সের ইতিবাচক ধারা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

Logo