Logo
×

Follow Us

বাংলাদেশ

এ মাসেই চালু হচ্ছে প্রতীক্ষিত প্রবাসী কার্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৯:১৯

এ মাসেই চালু হচ্ছে প্রতীক্ষিত প্রবাসী কার্ড

সরকারি উদ্যোগে এবার চালু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত প্রবাসী কার্ড। বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করার লক্ষ্যেই আগস্টের মাঝামাঝি সময় থেকে এই কার্ড চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে নাগরিক সেবা সম্প্রসারণে এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রবাসী কার্ডের মাধ্যমে প্রবাসীরা ডুয়েল কারেন্সি সুবিধা পাবেন। অর্থাৎ কার্ডটি দেশে যেমন ব্যবহার করা যাবে, তেমনি বিদেশেও ব্যবহার করা যাবে। অনলাইন শপিংয়ের সুবিধাও এতে যুক্ত থাকবে।

কার্ডধারীরা বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার করতে পারবেন। বিমানের টিকিট ও হোটেল ভাড়ায় ছাড় পাওয়া যাবে। দেশে গড়ে ওঠা বিভিন্ন প্রবাসী সিটি ও আবাসন প্রকল্পেও কার্ডধারীদের জন্য বিশেষ অগ্রাধিকার থাকবে।

প্রবাসী কার্ডে বিএমইটি-সংশ্লিষ্ট বীমা ও পুনর্বাসন সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। এর আওতায় আর্থিক ক্ষতিপূরণ, সামাজিক সুরক্ষা এবং রেমিট্যান্সে অতিরিক্ত সরকারি প্রণোদনা দেওয়া হবে। বর্তমানে রেমিট্যান্সে আড়াই শতাংশ প্রণোদনা দেওয়া হলেও কার্ডধারীদের জন্য এটি বাড়িয়ে ৩ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, প্রাথমিকভাবে এ বছরের মধ্যে দুই লাখ মানুষের হাতে এই কার্ড তুলে দেওয়ার লক্ষ্য রয়েছে। পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে পাঁচ হাজার মানুষকে কয়েকটি দেশে এই কার্ড দেওয়া হবে। আগস্টের মাঝামাঝি সময়েই এটি চালু করার প্রস্তুতি চলছে।

মালয়েশিয়া-প্রবাসী পাভেল সারওয়ার বলেছেন, “প্রবাসী কার্ডে যে সব সুযোগ-সুবিধা থাকবে, সেগুলো যদি প্রবাসীরা পেতে শুরু করেন, তাহলে বৈধ পথে রেমিট্যান্সের প্রবাহ আরও বৃদ্ধি পাবে।” তিনি আশা প্রকাশ করেন, অতীতে বিএমইটি কার্ড নিয়ে যেমন হয়রানি ও জটিলতা ছিল, এবার প্রবাসী কার্ডে তেমন কোনো সমস্যা থাকবে না।

সরকারি সূত্র জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ দূতাবাস ও মিশনের মাধ্যমে পর্যায়ক্রমে প্রবাসীদের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।

Logo