হজ ও ওমরাহ মেলার দ্বিতীয় দিন শুক্রবার ছিল জমজমাট। ওমরাহ যেতে চান অথবা আগামী বছর হজে যাবেন এমন অসংখ্য আগ্রহী ধর্মপ্রাণ মানুষ এসেছিলেন মেলায়।
রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলায় ৬০টি প্রতিষ্ঠান তাদের স্টল সাজিয়েছে। প্রতিটি এজেন্সির সামনেই ছিল ওমরাহ যেতে চাওয়া আগ্রহীদের ভিড়। কোন প্যাকেজে সাশ্রয় ও সুবিধা হবে, তাতেই আগ্রহ বেশি দেখা গেছে আগতদের।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) কর্মকর্তারা জানাচ্ছেন, প্রতি বছর ৫ লাখ মানুষ ওমরাহ করতে যান সৌদি আরবে। লক্ষাধিক মানুষ হজ করেন। এই বিপুল সংখ্যক হাজিদের মধ্যে ৯৫ শতাংশ যান নিজেদের খরচে। তাই তাদের মনে থাকে হজ ও ওমরাহকেন্দ্রিক নানা প্রশ্ন।
হজ এজেন্সিগুলোর নানা প্যাকেজ, মক্কা ও মদিনায় হোটেল খরচ, কোন সময় গেলে ওমরাহ সুবিধাজনক হবে- এসব তথ্য মুসল্লিদের জানিয়েছেন এজেন্সির কর্মকর্তারা। মধ্যপ্রাচ্যের সংঘাতের মাঝেও ওমরাহ যেতে আগ্রহীদের আগ্রহের কমতি নেই বলে জানালেন এজেন্সির মালিকরা।
আয়োজকরা জানান, ওমরাহ বিষয়ে সৌদি সরকারের নিয়ম-কানুন সব সময় পরিবর্তন হয়। সেসব নানা তথ্য আর নিয়ম-কানুন দেশের সাধারণ মানুষকে জানানোর মাধ্যমেই হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আরো সুশৃঙ্খল হবে বলে আশা এজেন্সি মালিকদের।
logo-1-1740906910.png)