Logo
×

Follow Us

বাংলাদেশ

কুমিল্লা জেলা থেকে বিদেশ গেছেন সবচেয়ে বেশি শ্রমিক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৩

কুমিল্লা জেলা থেকে বিদেশ গেছেন সবচেয়ে বেশি শ্রমিক

চলতি বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর মাধ্যমে বৈধ পথে বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক পাঠানো হয়েছে দেশের প্রায় সব জেলা থেকে। পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি শ্রমিক গেছেন কুমিল্লা থেকে। এ জেলার ৩১ হাজার ২৪৮ জন শ্রমিক বৈধ পথে বিদেশে গেছেন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, যেখান থেকে ২০ হাজার ৪৬২ জন শ্রমিক বিদেশে গেছেন। টাঙ্গাইল থেকে গেছেন ১৮ হাজার ৪৬৫ জন। চট্টগ্রাম জেলা থেকেও উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক গেছেন, ১৩ হাজার ৯৯৪ জন।

ঢাকা জেলার শ্রমিক সংখ্যা ১৩ হাজার ২৩৪ জন। কিশোরগঞ্জ থেকে গেছেন ১৩ হাজার ৫৫৩ জন, চাঁদপুর থেকে ১২ হাজার ৬৪৯ জন এবং নোয়াখালী থেকে ১২ হাজার ৬২২ জন। নরসিংদী, ময়মনসিংহ, মুন্সীগঞ্জ, ফরিদপুর ও নারায়ণগঞ্জ থেকেও ৮ থেকে ১১ হাজার শ্রমিক বিদেশে গেছেন।

সিলেট অঞ্চলের জেলাগুলোতে শ্রমিক পাঠানোর প্রবাহও উল্লেখযোগ্য। হবিগঞ্জ থেকে গেছেন ৯ হাজার ৪৭৩ জন, সিলেট থেকে ৯ হাজার ১৫৫ জন এবং সুনামগঞ্জ থেকে গেছেন ৭ হাজার ৮৬৩ জন। মৌলভীবাজার থেকেও গেছেন ৫ হাজার ৫২০ জন।

রাজশাহী বিভাগের বগুড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও সিরাজগঞ্জ থেকে কয়েক হাজার শ্রমিক বিদেশে গেছেন। খুলনা বিভাগের যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা থেকেও উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক গেছেন। বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা থেকেও কয়েক হাজার শ্রমিক বিদেশে গেছেন।

রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী থেকেও শ্রমিক গেছেন। পাহাড়ি জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি থেকেও কয়েকশ শ্রমিক বিদেশে গেছেন।

বিএমইটির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশের প্রায় সব জেলা থেকেই শ্রমিক বৈধ পথে বিদেশে গেছেন। তবে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, চট্টগ্রাম, কিশোরগঞ্জ ও সিলেট অঞ্চলের জেলাগুলো শীর্ষে রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বৈধ পথে শ্রমিক পাঠানো বাড়লে প্রবাসীরা নিরাপদ থাকবেন এবং রেমিট্যান্স প্রবাহও স্থিতিশীল হবে। একই সঙ্গে শ্রমিকদের দক্ষতা বাড়ানো এবং নতুন বাজার খুঁজে বের করাও জরুরি।

Logo