Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসীদের জন্য করণীয় ও বর্জনীয় নির্দেশনা জারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৮

প্রবাসীদের জন্য করণীয় ও বর্জনীয় নির্দেশনা জারি

প্রবাসে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা, আইন মেনে চলা, কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা এবং নিজস্ব অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে করণীয় ও বর্জনীয় নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সরকারি এই নির্দেশনায় বলা হয়েছে, কর্মরত দেশের আইন, বিধি-বিধান, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলা প্রতিটি প্রবাসীর দায়িত্ব। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং পরিবার বা বন্ধুদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মানবিকতা বজায় রাখতে হবে। চাকরি বা নিয়োগকর্তা-সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, অপরিচিত ব্যক্তি, অনলাইন লিংক বা বার্তা থেকে সতর্ক থাকতে হবে। প্রতারণা ও ফিশিং থেকে বাঁচতে সচেতনতা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে সত্যতা যাচাই করতে হবে এবং অপ্রাসঙ্গিক বা বিভ্রান্তিকর কোনো কর্মকাণ্ডে অংশ পারবে না।

অন্যদিকে, বর্জনীয় বিষয়গুলোতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সামাজিক বা উস্কানিমূলক পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক বা মন্তব্য করা যাবে না। গুজব, অপপ্রচার বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মবিদ্বেষমূলক কোনো উপাদান প্রচার করা যাবে না এবং কর্মরত দেশে রাজনৈতিক বা অনানুষ্ঠানিক প্রচারণায় অংশ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

এছাড়া, কোনো ধরনের অর্থ বা অনুদান দেওয়া যাবে না। কর্মস্থল, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংক্রান্ত স্থানের ছবি বা ভিডিও প্রকাশ করা যাবে না। নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্য বা ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা বা প্রতারণামূলক রিক্রুটমেন্টে জড়িত না হওয়ার জন্যও সতর্ক করা হয়েছে। কোনো অপরাধ, সহিংসতা বা অনৈতিক কর্মকাণ্ড সমর্থন করে পোস্ট বা মন্তব্য করা যাবে না।

সরকারি এই নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, প্রবাসীদের দায়িত্ব হলো কর্মরত দেশের আইন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা। সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং প্রতারণা থেকে দূরে থাকার মাধ্যমে প্রবাসীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।

Logo