Logo
×

Follow Us

বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৯:৩২

আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন

দীর্ঘ প্রতীক্ষার পর মালয়েশিয়ার শ্রমবাজার আবারো খুলতে যাচ্ছে বাংলাদেশের কর্মীদের জন্য। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জানিয়েছেন, আগামী মাসের শেষ সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের যাত্রা শুরু হবে। বিবিসি বাংলা এ সংবাদ প্রকাশ করেছে।

৩০ জুলাই বিকেল ৩টায় কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মাহ্দী আমিন বলেন, “আমরা বাস্তবসম্মত একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আগস্টের শেষ সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের যাওয়ার প্রক্রিয়া শুরু হবে।” তিনি জানান, দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠকে সব খাতের শ্রমিকদের জন্য সুযোগ তৈরিতে ঐকমত্য হয়েছে।

তিনি আরো বলেন, “এই অগ্রগতি মালয়েশিয়ার সামরিক নেতৃত্বাধীন সরকারের সঙ্গে বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক সম্পর্কের প্রতিফলন।”

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হলে তা বাংলাদেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি সাধারণ মানুষকে দালাল ও অসাধু চক্রের প্রতারণা থেকে সচেতন থাকার আহ্বান জানান।

অন্তর্বর্তীকালীন সরকারের সময় মালয়েশিয়া সরকারের কাছে পাঠানো ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকার প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, “চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বহাল থাকা সমঝোতা স্মারকের ভিত্তিতে মালয়েশিয়া নিজস্ব যাচাই-বাছাই ও কাঠামোর ওপর ভিত্তি করে এজেন্সির চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করবে।”

তিনি আরো জানান, “বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের লাইসেন্স বাতিল করেছে। আমরা মালয়েশিয়া সরকারকে স্পষ্ট বার্তা দিয়েছি, যারা সিন্ডিকেট বা ফ্যাসিবাদী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, তারা নতুন তালিকায় স্থান পাবেন না।”

মাহ্দী আমিন বলেন, “মালয়েশিয়ান কর্তৃপক্ষ খুব শিগগিরই বিষয়টি নিশ্চিত করবে। আমরা চাই, শ্রমিক পাঠানোর প্রক্রিয়া যেন স্বচ্ছ, নিরাপদ ও মানবিক হয়।”

তিনি আরো যোগ করেন, “মালয়েশিয়ায় জনশৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। বাংলাদেশি শ্রমিকদেরও আইন মেনে চলতে হবে।”

Logo