Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদেশফেরত প্রবাসীদের ব্যবসায় ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:৪০

বিদেশফেরত প্রবাসীদের ব্যবসায় ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) ভূমিকা অনস্বীকার্য। শ্রমঘন এই খাত দ্রুত কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বর্তমান সরকার শিল্পায়নের চালিকাশক্তি হিসেবে সিএমএসএমই খাতকে অগ্রাধিকার দিয়েছে। এ প্রেক্ষাপটে প্রবাসী কল্যাণ ব্যাংক বিদেশগামী অভিবাসী কর্মী, বিদেশফেরত কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ ঋণ সুবিধা চালু করেছে।

প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যাংকটি প্রবাসীদের পুনর্বাসন ও তাদের পরিবারের ব্যবসায়িক উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে আসছে। বিশেষ করে কোভিড-১৯ মহামারির সময় দেশে ফেরত আসা কর্মীদের উন্নয়নে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সিএমএসএমই ঋণ গ্রহণের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। আবেদনকারীকে আর্থিকভাবে সচ্ছল, ব্যবস্থাপনায় দক্ষ এবং কারিগরি ও বাজার জ্ঞানসম্পন্ন হতে হবে। নারী উদ্যোক্তা ও প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র, নবায়নকৃত ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট, ব্যাংক প্রতিবেদন, ব্যবসার বিক্রয় ও লাভের হিসাব, জামানতের সার্ভে রিপোর্ট এবং আইনগত মতামত।

ঋণের সীমা সর্বোচ্চ ৭৫ কোটি টাকা এবং মেয়াদ সর্বোচ্চ ৫ বছর (গ্রেস পিরিয়ডসহ)। ঋণ পরিশোধ কিস্তিতে সম্পন্ন হবে এবং সুদের হার বার্ষিক ৯ শতাংশ। যথাযথ কাগজপত্রসহ আবেদন জমা দিলে ১৫ কর্মদিবসের মধ্যে সেবা প্রদান করা হবে।

প্রবাসী কল্যাণ ব্যাংক জানিয়েছে, ঋণ প্রদানের সময় কোনো অভিযোগ বা অনিয়ম হলে সরাসরি অভিযোগ জানানো যাবে সরকারি অভিযোগ ব্যবস্থাপনা ওয়েবসাইটে।

বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও বেকারত্বপ্রবণ দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকল্প নেই। প্রবাসীদের অর্জিত রেমিট্যান্সকে সঠিকভাবে কাজে লাগাতে এই ঋণ কর্মসূচি হবে একটি নিরাপদ ও কার্যকর বিনিয়োগের সুযোগ।

Logo