Logo
×

Follow Us

বাংলাদেশ

হজে যেতে পারবেন না যারা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৮

হজে যেতে পারবেন না যারা

আগামী বছরের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে ২৭ জুলাই থেকে এবং চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

তবে সবাই হজে যেতে পারবেন না। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ বছরের কম বয়সী কেউ হজে যাওয়ার অনুমতি পাবেন না। একইভাবে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদেরও বাদ দেওয়া হবে। হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনি রোগে আক্রান্তরা, স্নায়ুবিক বা মানসিক সমস্যায় ভোগা রোগীরা এবং ডিমনেশিয়া রোগীরা হজে যেতে পারবেন না। ক্যানসার আক্রান্ত যারা কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন, তাদেরও অনুমতি নেই।

জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে এমন সক্রিয় সংক্রামক রোগ যেমন যক্ষ্মা বা হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তিদেরও হজে যাওয়ার সুযোগ নেই। গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীরা ফিটনেস সনদ পাবেন না।

প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের তথ্য, জেলা, হজের ধরন ও প্যাকেজ নির্বাচন করতে হবে। এছাড়া পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

নিবন্ধনের জন্য আগে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে। এরপর সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে সরকারি বা বেসরকারি মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করা যাবে। চূড়ান্ত নিবন্ধনের জন্য প্যাকেজ মূল্যের অবশিষ্ট অর্থ ১০ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে।

সরকারি মাধ্যমে নিবন্ধনকারীদের সোনালী ব্যাংকের যে কোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিতে হবে। বেসরকারি এজেন্সির মাধ্যমে নিবন্ধনকারীরা সংশ্লিষ্ট ব্যাংকে এজেন্সির নির্ধারিত হিসাবে টাকা জমা দেবেন। এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে পাওয়া যাবে।

এবারের নিবন্ধন কার্যক্রমে অনলাইন ই-হজ সিস্টেম (hajj.gov.bd) ব্যবহার করে নিজে থেকেই নিবন্ধন করা যাবে। পাশাপাশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম অফিস ও ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধন করা যাবে।

ধর্ম মন্ত্রণালয় বলছে, এসব শর্ত মানা হলে হজযাত্রা প্রক্রিয়া সহজ হবে এবং ভ্রমণকারীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।

Logo