Logo
×

Follow Us

বাংলাদেশ

বিমানবন্দরের কাছে প্রবাসীদের জন্য আবাসন চালু করল মন্ত্রণালয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৭

বিমানবন্দরের কাছে প্রবাসীদের জন্য আবাসন চালু করল মন্ত্রণালয়

বিদেশগামী কর্মীদের জরুরি আবাসন সংকট নিরসনে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফ্লাইট বাতিল, বিলম্ব কিংবা অন্যান্য জরুরি পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

২৬ জুলাই সকালে আশকোনাস্থ হজ ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং ধর্ম মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এই আবাসন ব্যবস্থা চালু করা হচ্ছে।

বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালনায় ‘ওয়েজ আর্নার্স সেন্টার’-এ ৪৯ জনের থাকার ব্যবস্থা রয়েছে। তবে যুদ্ধ, বৈরী আবহাওয়া বা অন্য কোনো কারণে ফ্লাইট বাতিল বা বিলম্বিত হলে অনেক প্রবাসী বিমানবন্দরের আশপাশে আবাসন সংকটে পড়েন। তাদের ভোগান্তি কমাতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হজ ক্যাম্পে অতিরিক্ত ১০০ শয্যার ব্যবস্থা করা হচ্ছে।

নতুন এই আবাসন ব্যবস্থায় পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি শয্যা থাকবে। প্রকল্পটির সার্বিক অর্থায়ন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব নীতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। বিদেশগামী কর্মীদের যাত্রাপথকে আরো নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। হজ ক্যাম্পে এই আবাসন ব্যবস্থা চালু হলে সংকটকালীন সময়ে প্রবাসীদের দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমবে।

পরিদর্শনকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং হজ ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Logo