Logo
×

Follow Us

বাংলাদেশ

ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:০৯

ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ২৫ জুলাই দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, চিকিৎসার উদ্দেশ্যে বি-২ (B-2) ভিসা আবেদনকারীদের চিকিৎসা, সংশ্লিষ্ট ব্যয় এবং যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার সম্পূর্ণ খরচ বহনের আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে।

দূতাবাস জানিয়েছে, প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করেন কনস্যুলার কর্মকর্তারা। এতে নিশ্চিত করা হয় যে আবেদনকারীর পরিকল্পিত চিকিৎসা বা অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর কোনো আর্থিক বোঝা সৃষ্টি হবে না।

চিকিৎসা ভিসার আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের নিজ দেশের চিকিৎসকের ব্যবস্থাপত্র জমা দিতে হবে। পাশাপাশি কেন যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন, সেটিও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের কোনো চিকিৎসক বা হাসপাতালের সম্মতিপত্রও প্রয়োজন হবে। সেখানে চিকিৎসার সম্ভাব্য সময়কাল এবং আনুমানিক ব্যয়ের বিবরণ থাকতে হবে।

দূতাবাস আরো জানিয়েছে, আবেদনকারীদের চিকিৎসা ব্যয়, যাতায়াত ব্যয় এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন বসবাসের খরচ বহনের পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণও দাখিল করতে হবে। অর্থাৎ আবেদনকারীর আর্থিক প্রস্তুতি ও চিকিৎসার প্রয়োজনীয়তা যাচাই করেই ভিসা অনুমোদন দেওয়া হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে আগ্রহীদের জন্য প্রক্রিয়াটি আরো কঠোর ও স্বচ্ছ করা হয়েছে। এতে ভিসা আবেদনকারীদের আগে থেকেই প্রয়োজনীয় নথি ও আর্থিক সক্ষমতার প্রমাণ প্রস্তুত রাখতে হবে।

Logo