Logo
×

Follow Us

বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে হুমকির মুখে শ্রমবাজার; শঙ্কায় বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৮:৪৩

মধ্যপ্রাচ্যে হুমকির মুখে শ্রমবাজার; শঙ্কায় বাংলাদেশ

কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য বাংলাদেশের শ্রমিকদের প্রধান কর্মস্থল এবং বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন থেকে আসা রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রেখেছে। কিন্তু সময় বদলাচ্ছে। অদক্ষ ও স্বল্প দক্ষ শ্রমের চাহিদা দ্রুত কমছে, বাড়ছে প্রযুক্তি-সক্ষম ও দক্ষ কর্মীর প্রয়োজন।

সৌদি আরব ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের মাধ্যমে তেলনির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তি, পর্যটন ও ডিজিটাল সেবার দিকে এগোচ্ছে। একই সঙ্গে চলছে ‘সৌদীকরণ’, ‘কাতারীকরণ’, ‘আমিরাতিকরণ’; অর্থাৎ নিজেদের নাগরিকদের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়ার নীতি। এর সঙ্গে যুক্ত হয়েছে অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস, যা পুনরাবৃত্তিমূলক কাজের চাহিদা কমিয়ে দিচ্ছে। ফলে নির্মাণশ্রমিক, পরিচ্ছন্নতাকর্মী বা গৃহস্থালি শ্রমিকের মতো কাজগুলো সংকুচিত হচ্ছে।

বাংলাদেশের বিপুলসংখ্যক শ্রমিক এখনো স্বল্প দক্ষ কাজে নিয়োজিত। ফলে তারা সহজেই প্রতিস্থাপিত হন এবং শ্রমবাজারের পরিবর্তনের ধাক্কা সবার আগে তাদের ওপর আসে। আন্তর্জাতিক শ্রম সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক বছরে আরব অঞ্চলে প্রায় ১৪ শতাংশ চাকরি প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে এবং প্রায় ২ শতাংশ চাকরি বিলুপ্তির ঝুঁকিতে পড়বে। অর্থাৎ দক্ষতা ছাড়া টিকে থাকা কঠিন হবে।

ফিলিপাইন দীর্ঘদিন ধরে নার্স, স্বাস্থ্যকর্মী ও মেরিটাইম পেশাজীবী তৈরি করে বৈশ্বিক বাজারে শক্ত অবস্থান নিয়েছে। ভারত প্রযুক্তি ও প্রকৌশল দক্ষতায় এগিয়ে গেছে। ভিয়েতনাম উৎপাদন ও প্রযুক্তিগত দক্ষতায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় যুক্ত হয়েছে। নেপাল দক্ষতা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অভিবাসী শ্রমিকদের পুনর্বাসনে কাজ করছে। পাকিস্তান বাজারভিত্তিক প্রশিক্ষণ, ডিজিটাল নিয়োগ প্ল্যাটফর্ম ও দক্ষতার পারস্পরিক স্বীকৃতির ওপর জোর দিচ্ছে।

বাংলাদেশের অভিবাসননীতিতে মৌলিক পরিবর্তন জরুরি। শুধু কতজন শ্রমিক বিদেশে গেলেন বা কত রেমিট্যান্স এলো- এ সংখ্যাভিত্তিক মানসিকতা বাদ দিতে হবে। গুরুত্ব দিতে হবে দক্ষতা রপ্তানিতে। এর জন্য প্রয়োজন চাহিদাভিত্তিক প্রশিক্ষণ, আন্তর্জাতিক মানের কারিগরি সনদ, ভাষা ও ডিজিটাল দক্ষতা, বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথ প্রশিক্ষণ এবং শিক্ষা-শিল্প-পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত কৌশল।

চার দশক ধরে বাংলাদেশ মধ্যপ্রাচ্যে সস্তা শ্রম পাঠিয়েছে। কিন্তু আগামী দিনে মধ্যপ্রাচ্য আর সস্তা শ্রম কিনবে না, কিনবে দক্ষতা। টিকে থাকতে হলে বাংলাদেশকে এখনই দক্ষতা রপ্তানির পথে হাঁটতে হবে। অন্যথায় রেমিট্যান্সনির্ভর অর্থনীতি বড় সংকটে পড়বে।

Logo