Logo
×

Follow Us

বাংলাদেশ

কীভাবে ভারতের ভিসার জন্য আবেদন করবেন?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৪:৩৫

কীভাবে ভারতের ভিসার জন্য আবেদন করবেন?

বর্তমানে ভারতীয় ভিসার জন্য আবেদন করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া। আবেদন প্রক্রিয়া খুব জটিল নয়, তবে স্লট নিশ্চিত করতে ধৈর্য ধরে বারবার চেষ্টা করতে হয়। অনেকেই স্লট কিনে ভিসা করার পথ বেছে নিলেও নিয়মিত চেষ্টা করলে নিজে নিজেই ভিসা পাওয়া সম্ভব।

প্রথম ধাপ হলো IVACBD ওয়েবসাইটে ভিসার আবেদন সম্পন্ন করা। আবেদন করার সময় নাম, পাসপোর্ট নম্বর, জন্মতারিখ, এনআইডি বা জন্মনিবন্ধন নম্বর, মোবাইল নম্বর এবং ইমেইল অত্যন্ত সতর্কতার সঙ্গে লিখতে হবে। সামান্য ভুল থাকলেও অ্যাপয়েন্টমেন্ট আইডি তৈরি করতে সমস্যা হতে পারে, এমনকি OTP নাও আসতে পারে।

আবেদন সম্পন্ন হলে অ্যাপয়েন্টমেন্ট সাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ চারটি আবেদন যুক্ত করা যায়। যার নামে অ্যাকাউন্ট খোলা হবে তিনি থাকবেন Primary Applicant, আর পরিবারের অন্য সদস্যদের Other Applicant হিসেবে যোগ করা যাবে। তবে সব আবেদন যোগ করার আগে Confirm করা যাবে না, কারণ একবার Confirm করলে সেদিন আর নতুন আবেদন যোগ করা যায় না।

Mission হিসেবে Dhaka এবং IVAC Center: Dhaka (JFP) নির্বাচন করে সুবিধামতো তারিখ বেছে নিতে হয়। সময় স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর SSLCommerz এর মাধ্যমে পেমেন্ট করতে হয়। বিকাশ বা কার্ড দিয়ে পেমেন্ট করা যায়। পেমেন্টের জন্য মাত্র ৫ মিনিট সময় পাওয়া যায় এবং এ সময় ব্রাউজার Refresh করা যাবে না। সফলভাবে পেমেন্ট সম্পন্ন হলে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ ডাউনলোড করা যায়।

অ্যাপয়েন্টমেন্টের দিন স্লিপে উল্লেখিত সময় অনুযায়ী IVAC এ উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময় মেনে চললে পুরো প্রক্রিয়া সহজ হয়।

অনেক আবেদনকারীকে দীর্ঘ সময় চেষ্টা করতে হয়। কেউ কেউ প্রতিদিন নির্দিষ্ট সময়ে লগইন করে চেষ্টা করেন, আবার অতিরিক্ত বার চেষ্টা করার কারণে আইডি সাময়িকভাবে ব্লক হয়ে যায়। তখন নতুন আইডি খুলে আবার চেষ্টা করতে হয়। তবে ধৈর্য ধরে চেষ্টা করলে অবশেষে স্লট পাওয়া সম্ভব।

নিজে নিজে ভারতীয় ভিসার আবেদন করা সম্ভব, তবে এর জন্য ধৈর্য, সঠিক তথ্য এবং নিয়মিত চেষ্টা অপরিহার্য। স্লট পাওয়া কঠিন হলেও ভিসা পাওয়া সহজ। তাই টাকা বাঁচাতে চাইলে নিজের ভিসা নিজেই প্রসেস করা ছাড়া কোনো বিকল্প নেই।

Logo