২২ দিনে দেশে এলো ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৪:৩৪
চলতি জুলাই মাসের প্রথম ২২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী প্রতি ডলার ১২২ টাকা দরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৬ হাজার ৪৭৪ কোটি টাকা। ২৩ জুলাই ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২২ জুলাই পর্যন্ত দেশে ২ হাজার ১৭০ মিলিয়ন বা ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার এসেছে। শুধু ওই দিনেই দেশে এসেছে ৭৫ মিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১ হাজার ৭৫৯ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৪ শতাংশ।
রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৮১ দশমিক ০৬ মিলিয়ন বা ৩৬ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী এর পরিমাণ ৩১ হাজার ৭৮৪ দশমিক ৮৫ মিলিয়ন বা ৩১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।
বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। প্রবাসীদের পাঠানো অর্থ শুধু বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ায় না, বরং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখে। পরিবারগুলো এই অর্থ দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও বিনিয়োগে ব্যয় করে থাকে। ফলে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রেমিট্যান্সের অবদান অপরিসীম।
logo-1-1740906910.png)