Logo
×

Follow Us

বাংলাদেশ

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করছে নির্বাচন কমিশন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৬

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করছে নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন এখন থেকে প্রত্যেক নাগরিকের জন্য বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১৫ বছরের মেয়াদ শেষে এনআইডি নবায়ন করতে হবে এবং এ প্রক্রিয়ায় অনলাইন ফরমে পরিবারের সদস্যদের এনআইডি তথ্যও যুক্ত করতে হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে ২১ জুলাই অনুষ্ঠিত ১২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, আইন সংশোধনের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। তারা অনুমোদন দিলে কার্যক্রম শুরু হবে।

ইসি জানিয়েছে, এনআইডি নবায়নের পাশাপাশি স্থানান্তরের ক্ষেত্রেও প্রয়োজনীয় তথ্য নির্ধারণ করা হয়েছে। উভয় সেবার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। নবায়নের সময় নাগরিকদের নিজের ও পরিবারের এনআইডি তথ্য দিতে হবে, যাতে তথ্য যাচাই সহজ হয়।

সভায় প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আগে দুই ধাপে তথ্য যাচাই ও বায়োমেট্রিক নেওয়া হতো। এখন থেকে তথ্য ও বায়োমেট্রিক একসঙ্গে নেওয়ার পর তদন্ত করে পদক্ষেপ নেবে ইসি। এতে সময় ও জটিলতা কমবে বলে আশা করা হচ্ছে।

ইসি সচিব জানান, বর্তমানে ১৬ বছর বা তার বেশি বয়সীদের তথ্য সংগ্রহ করা হয়। কেউ ১৮ বছরে পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। সভায় এই বয়সসীমা আরো কমানো যায় কিনা, তা নিয়ে আলোচনা হয়েছে। প্রাথমিক, অষ্টম শ্রেণি বা এসএসসি পর্যায় থেকে তথ্য সংগ্রহের সম্ভাবনা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Logo