Logo
×

Follow Us

বাংলাদেশ

শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৪

শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। লন্ডনভিত্তিক বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।

নতুন সূচক অনুযায়ী, বাংলাদেশি নাগরিকরা বিশ্বের ৩৫টি দেশে আগাম ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন। তালিকায় বাংলাদেশের নিচে রয়েছে নেপাল, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান, ইরাক, সিরিয়া ও আফগানিস্তান।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যার অবস্থান ৫২তম। দেশটির নাগরিকরা ৯৩টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পান। ভারতের অবস্থান ৮১তম, ভারতীয় নাগরিকরা ৫৫টি দেশে এ সুবিধা পান। শ্রীলঙ্কা রয়েছে ৯৪তম স্থানে, তাদের নাগরিকরা ৩৯টি দেশে ভ্রমণ করতে পারেন। বাংলাদেশের পরেই রয়েছে নেপাল (৯৮তম) এবং পাকিস্তান (১০১তম)। আফগানিস্তান তালিকার সর্বশেষে, যার নাগরিকরা মাত্র ২২টি দেশে যেতে পারেন।

২০২৬ সালের সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯২টি গন্তব্যে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের নাগরিকরা ১৮৮টি দেশে প্রবেশাধিকার পান। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন, যার নাগরিকরা ১৮৭টি দেশে যেতে পারেন।

চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে ইউরোপের ১১টি দেশ- ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ ও নরওয়ে। এসব দেশের নাগরিকরা ১৮৬টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পান।

হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, সূচক চালুর ২০ বছরে বৈশ্বিক ভ্রমণ সুবিধা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে একটি পাসপোর্ট গড়ে ১০৮টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা দেয়, যেখানে ২০০৬ সালে এই সংখ্যা ছিল মাত্র ৫৮।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, ভূরাজনৈতিক উত্তেজনা, যুদ্ধ ও সংঘাতের কারণে আন্তর্জাতিক ভ্রমণে বৈষম্যও বেড়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারীরা ১৯২টি গন্তব্যে যেতে পারেন, আর দুর্বলতম পাসপোর্টধারীরা পারেন মাত্র ২২টিতে; দুই প্রান্তের মধ্যে ব্যবধান ১৭০টি গন্তব্য।

Logo