Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করছে নির্বাচন কমিশন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:৪২

প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করছে নির্বাচন কমিশন

প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগে আবেদন জমা দেওয়ার পর আলাদা ধাপে বায়োমেট্রিক সংগ্রহ ও তদন্ত শেষে নিবন্ধন সম্পন্ন হতো। নতুন ব্যবস্থায় প্রবাসীরা সরাসরি বায়োমেট্রিক তথ্য আপলোড করতে পারবেন, এরপর তদন্তে যথার্থতা পাওয়া গেলে ইসি অনুমোদন দেবে। এতে একটি ধাপ কমে গিয়ে প্রক্রিয়া আরো দ্রুত হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “আগে প্রবাসীদের নিবন্ধন ছিল টু-স্টেপ। এখন আমরা বলছি, আপনারা সরাসরি বায়োমেট্রিক আপলোড করবেন। তদন্ত শেষে আমরা এখান থেকে অনুমোদন দেব।”

সভায় ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সম্পূর্ণ অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এ সেবার জন্য নির্ধারিত সংশোধন ফি নেওয়া হবে। এতে নাগরিকদের আর শারীরিকভাবে অফিসে যেতে হবে না।

ইসি সচিব জানান, ১৫ বছর পর জাতীয় পরিচয়পত্র নবায়নের ক্ষেত্রে নির্ধারিত ফরমে পরিবারের সদস্যদের তথ্য (ফ্যামিলি ট্রি) দেওয়ার প্রস্তাব রয়েছে। এতে তথ্যের সামঞ্জস্য নিশ্চিত করা যাবে। এছাড়া জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের ক্ষমতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। জেএসসি, এসএসসি বা অন্যান্য পাবলিক পরীক্ষার সনদে উল্লেখ থাকা জন্মতারিখের ভিত্তিতেই সংশোধন করা যাবে।

বর্তমানে ১৬ বছর বা তার বেশি বয়সীদের তথ্য সংগ্রহ করা হয় এনআইডির জন্য। কেউ ১৮ বছরে পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। ইসি সচিব জানান, এই তথ্য সংগ্রহের বয়সসীমা আরো কমানো যায় কিনা, তা নিয়ে পর্যালোচনা চলছে। প্রাথমিক, অষ্টম শ্রেণি বা এসএসসি পর্যায় থেকে তথ্য সংগ্রহ শুরু করা যায় কি না, তা তুলনামূলক বিশ্লেষণের পর সিদ্ধান্ত হবে।

এখন পর্যন্ত এনআইডিতে জন্মতারিখ সংশোধনের কাজ কেন্দ্রীয়ভাবে করা হতো। নতুন প্রস্তাব অনুযায়ী, যাদের পাবলিক পরীক্ষার সনদে জন্মতারিখ উল্লেখ আছে, তাদের তথ্য মাঠপর্যায় থেকেই সংশোধন করা যাবে। এতে নাগরিকদের জন্য প্রক্রিয়া আরো সহজ হবে।

Logo