ছয় বছর আগে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ আবারো যুক্ত করা হলো বাংলাদেশি পাসপোর্টে। একই সঙ্গে ই-পাসপোর্টের নতুন জলছাপে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর শহীদদের ছবি। এছাড়া সব ধর্মের প্রতীকও অন্তর্ভুক্ত করা হয়েছে।
১৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে নতুন নকশার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়েছে, এখন থেকে তৈরি হওয়া সব পাসপোর্টে স্পষ্টভাবে উল্লেখ থাকবে ‘ইসরায়েল ব্যতীত’। অর্থাৎ, এই পাসপোর্ট দিয়ে ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশে ভ্রমণ করা যাবে। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থান ও জনমতের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন জলছাপে রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শহীদ ওয়াসিম আকরামের ছবি যুক্ত করা হয়েছে। শহীদদের স্মারকচিত্র পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পাতায় থাকবে।
নকশায় জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন ও সুপ্রিম কোর্টের পাশাপাশি স্থান পাচ্ছে কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানাম নগর ও কার্জন হল। প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে যুক্ত হচ্ছে কক্সবাজারের সমুদ্রসৈকত, সুন্দরবনের ম্যানগ্রোভ বন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরির পাহাড়ি দৃশ্য।
শাপলা ফুল, দোয়েল পাখি, ইলিশ মাছ, কাঁঠালসহ জাতীয় প্রতীকগুলোও নতুন নকশায় যুক্ত হচ্ছে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের কালজয়ী চিত্রকর্ম ‘সংগ্রাম’ও জলছাপে স্থান পাচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ডিজাইন দ্রুত বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)