Logo
×

Follow Us

বাংলাদেশ

লিবিয়ায় দালালের খপ্পরে কুমিল্লার ছয় যুবক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:১৬

লিবিয়ায় দালালের খপ্পরে কুমিল্লার ছয় যুবক

অবৈধপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়ে মানব পাচারকারী দালালদের হাতে জিম্মি হয়েছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছয় যুবক। তাদের মুক্তির জন্য দালালচক্র পরিবারের কাছে দাবি করেছে মোট দেড় কোটি টাকা। টাকা না দেওয়ায় তাদের ওপর চালানো হচ্ছে অমানবিক নির্যাতন।

জিম্মি হওয়া যুবকরা হলেন শাহাদাত হোসেন (২০), মানিকুল ইসলাম (২০), মো. সোহেল (২৭), তাজ মোহাম্মদ (২৫), ফয়সাল (২০) এবং মেহেদী হাসান (২১)। তারা মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়ন ও লক্ষণপুর ইউনিয়নের বাসিন্দা।

মানিকুল ইসলামের বাবা মাহবুবুর রহমান জানান, আট মাস আগে স্থানীয় দালাল শামছুল আলমের মাধ্যমে ছেলেকে ইতালি পাঠানোর চুক্তি হয়। এজন্য ২০ লাখ টাকা দেওয়া হয়। পরে তাকে লিবিয়ায় পাঠানো হয় এবং সেখানে দালালদের হাতে তুলে দেওয়া হয়। এখন মুক্তিপণের জন্য তার ওপর নির্যাতন চলছে।

মেহেদী হাসানের বাবা শাহ আলম বলেন, “১৮ লাখ টাকা দিয়ে ছেলেকে ইতালি পাঠানোর চুক্তি হয়েছিল। কিন্তু এখন লিবিয়ায় তাকে জিম্মি করে ২৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হচ্ছে।”

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় আট মাস ধরে যুবকদের লিবিয়ায় আটকে রাখার পর সম্প্রতি অন্য দালালদের হাতে তুলে দেওয়া হয়েছে। গত ১৫-২০ দিন ধরে তাদের একটি গোপন আস্তানায় আটকে রেখে জনপ্রতি ২৫ লাখ টাকা দাবি করা হচ্ছে। নির্যাতনের ভিডিও ইমো ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিবারে পাঠিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে। ভিডিও দেখে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা।

এ ঘটনায় অভিযুক্ত দালাল শামছুল আলম ও তার পরিবারের সদস্যরা গত ১০-১২ দিন ধরে এলাকা ছেড়ে পালিয়ে আছেন। লিবিয়ায় অবস্থানরত মূল দালাল মানিকও এখন ফোন ধরছেন না। সন্তানদের জীবিত ফেরাতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবকরা।

মনোহরগঞ্জ থানার ওসি মাকসুদ আহমেদ বলেন, “অবৈধপথে কে, কীভাবে বিদেশে গেছেন, সে বিষয়ে কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Logo