Logo
×

Follow Us

বাংলাদেশ

কীভাবে বুঝবেন বিদেশে নেওয়ার নামে দালালের প্রতারণা?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১১:৩১

কীভাবে বুঝবেন বিদেশে নেওয়ার নামে দালালের প্রতারণা?

উন্নত জীবনের আশায় বিদেশে যাওয়ার প্রবণতা বাংলাদেশে দিন দিন বাড়ছে। কিন্তু এই আকাঙ্ক্ষাকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে মানব পাচারকারী ও দালাল চক্র। তারা ইতালি, গ্রিস, লিবিয়া বা ইউরোপের অন্য দেশে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অনেক সময় এই প্রতারণার শিকার হয়ে তরুণরা প্রাণও হারাচ্ছেন।

দালালরা সাধারণত “নিশ্চিত ভিসা”, “দ্রুত প্রসেসিং”, “ইতালিতে চাকরি”, “গেইম দিয়ে পাঠানো হবে” বা “ভিআইপি রুট”–এর মতো শব্দ ব্যবহার করে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করে। তারা দাবি করে, তাদের “নিজস্ব কানেকশন” আছে দূতাবাস বা এয়ারপোর্টে। অনেক সময় ভুয়া ট্রাভেল এজেন্সি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেয়- “কম খরচে ইউরোপ ভিসা”, “১০০% গ্যারান্টি”— এই ধরনের অফারই প্রতারণার প্রথম ইঙ্গিত।

প্রতারকরা কখনোই প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাতে চায় না। তারা ভিসা প্রসেসিংয়ের নাম করে ভুয়া ব্যাংক স্টেটমেন্ট, নো-অবজেকশন সার্টিফিকেট (NOC), আমন্ত্রণপত্র বা চাকরির অফার লেটার তৈরি করে। অনেক সময় এসব কাগজে জাল সিল ও স্বাক্ষর ব্যবহার করা হয়। আবেদনকারীরা এসব নথি যাচাই না করেই টাকা পরিশোধ করেন, যা পরে ভয়াবহ পরিণতি ডেকে আনে।

সঠিক ভিসা যাচাইয়ের উপায়

- বিদেশে যাওয়ার আগে ভিসার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি।

- ভিসায় থাকা MRZ কোড (Machine Readable Zone) স্ক্যান করে অনলাইনে যাচাই করুন।

- সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা কনস্যুলেটের ওয়েবসাইটে ভিসা নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করুন।

- VFS Global বা অনুমোদিত ভিসা সেন্টারের মাধ্যমে আবেদন করুন।

- ভিসায় উল্লেখিত ইস্যু তারিখ, মেয়াদ, ভ্রমণ উদ্দেশ্য ও পাসপোর্ট নম্বর মিলিয়ে দেখুন।

- কোনো এজেন্সি যদি ভিসা হাতে দেওয়ার আগে টাকা দাবি করে, তবে তা প্রতারণার ইঙ্গিত।

যদি বুঝতে পারেন আপনি প্রতারণার শিকার হয়েছেন, সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় মানব পাচার প্রতিরোধ আইন অনুযায়ী অভিযোগ করুন। পাশাপাশি বিএমইটি (BMET), রামরু (RMMRU), পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসে লিখিতভাবে জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দালালদের প্রচার বা বিজ্ঞাপন দেখলে তা সাইবার ক্রাইম ইউনিটে বা স্থানীয় থানায় রিপোর্ট করুন।

বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে বৈধ পথে, কিন্তু দালালদের ফাঁদে পড়ে তা দুঃস্বপ্নে পরিণত হয়। তাই সচেতনতা, যাচাই-বাছাই এবং সরকারি চ্যানেলের মাধ্যমে আবেদন করাই নিরাপদ। মনে রাখবেন- “সহজে ভিসা” বা “নিশ্চিত চাকরি” কথাগুলোই প্রতারণার প্রথম ধাপ। সতর্ক থাকুন, জীবন বাঁচান।

Logo