Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রতি বছর ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে সৌদি আরব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৯:০৯

প্রতি বছর ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে সৌদি আরব

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সৌদি আরব সরকার প্রতি বছর ৫০০টি বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর এই উদ্যোগ নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও মুখপাত্র ড. মাহদি আমিনের সঙ্গে বৈঠকে সৌদি রাষ্ট্রদূত এ ঘোষণা দেন। বৈঠকে তিনি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে দুই পক্ষ বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে সৌদি আরবের সম্ভাব্য সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা করে। রাষ্ট্রদূত জানান, সৌদি সরকার ইতোমধ্যে প্রতি বছর ৫০০টি বৃত্তি বরাদ্দ নিশ্চিত করেছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।

আলোচনায় দক্ষ বাংলাদেশি জনশক্তি সৌদি আরবে রপ্তানির সুযোগ বাড়ানো, শ্রমবাজারে প্রবেশ সহজ করা এবং নিয়োগ প্রক্রিয়ার জটিলতা দূর করার বিষয়েও আলোচনা হয়। এতে উভয় পক্ষই ইতিবাচক মতামত ব্যক্ত করে।

বৈঠকে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা, জনগণের মধ্যে সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান নিয়েও মতবিনিময় হয়। বর্তমানে প্রায় ৩৮ লাখ বাংলাদেশি সৌদি আরবে বসবাস করছেন এবং তারা দেশটির অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। একই সঙ্গে তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখছে।

বৈঠকে সৌদি প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন ভাইস অ্যাম্বাসেডর খালিদ সাঈদ এম. আল হাদাল এবং কনসুলার সেকশনের ডেপুটি হেড মোহাম্মদ ফাহাদ ধি আল সুহাইমি।

Logo