Logo
×

Follow Us

বাংলাদেশ

আমিরাতের ৫ বছরের মাল্টিপল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা: বাংলাদেশিদের আরো যা জানা দরকার…

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ২০:৫৭

আমিরাতের ৫ বছরের মাল্টিপল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা: বাংলাদেশিদের আরো যা জানা দরকার…

সংযুক্ত আরব আমিরাত এমন একটি ৫ বছরের মাল্টিপল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা চালু রেখেছে, যার মাধ্যমে বিশ্বের সব দেশের নাগরিক এমনকি বাংলাদেশিরাও একই ভিসায় পাঁচ বছর ধরে একাধিকবার দেশটিতে যাতায়াত করতে পারবেন। এই ভিসার জন্য কোনো স্পন্সর বা স্থানীয় হোস্টের প্রয়োজন হয় না।

দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স জানিয়েছে, এই ভিসায় প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত আমিরাতে থাকা যাবে। প্রয়োজন হলে আরো ৯০ দিন থাকার অনুমতি বাড়ানো যাবে। তবে সব মিলিয়ে বছরে ১৮০ দিনের বেশি থাকা যাবে না।

এই ভিসা মূলত পর্যটক, যারা নিয়মিত আমিরাতে বেড়াতে যান, আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করেন বা ব্যবসায়িক কাজে ঘন ঘন যাতায়াত করেন, তাদের জন্য বেশ সুবিধাজনক।

কারা আবেদন করতে পারবেন?

আবেদনকারীর কাছে থাকতে হবে—

কমপক্ষে ৬ মাস মেয়াদি বৈধ পাসপোর্ট

সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি

বৈধ স্বাস্থ্যবিমা (হেলথ ইন্স্যুরেন্স)

আসা-যাওয়ার (রিটার্ন) বিমান টিকিট

গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট

গত ৬ মাসে অ্যাকাউন্টে অন্তত ৪ হাজার মার্কিন ডলার বা কমপক্ষে ৪ লাখ ৯২ হাজার টাকা থাকার প্রমাণ।

কীভাবে আবেদন করবেন?

আবেদন করা যাবে ইউএই সরকারের অফিসিয়াল অনলাইন প্ল্যাটফর্ম ও স্মার্ট অ্যাপের মাধ্যমে। এছাড়া কাস্টমার হ্যাপিনেস সেন্টার এবং আমের সার্ভিস সেন্টার থেকেও আবেদন করা যাবে।

আবেদনের সময় নির্ধারিত ফরম পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

খরচ কত?

এই ভিসার মোট আবেদন ফি ৩ হাজার ৭১৩ দিরহাম বা কমপক্ষে ১ লাখ ২৫ হাজার টাকা । এর মধ্যে ভিসা ফি, সার্ভিস চার্জ এবং ফেরতযোগ্য নিরাপত্তা জামানত অন্তর্ভুক্ত। তবে আবেদনকারীর পরিস্থিতি অনুযায়ী চূড়ান্ত খরচ কিছুটা কম-বেশি হতে পারে।

বাংলাদেশিদের জন্য যা জানা জরুরি

যারা দুবাই বা আমিরাতে বছরে একাধিকবার ঘুরতে যান, আত্মীয়দের সঙ্গে দেখা করেন বা ব্যবসায়িক কাজে নিয়মিত যাতায়াত করেন, তাদের জন্য এই ভিসা সময় ও ঝামেলা; দুটিই কমাবে। তবে আবেদন করার আগে নিশ্চিত হতে হবে যে, ব্যাংক হিসাবে প্রয়োজনীয় অর্থ রয়েছে এবং নির্ধারিত সময়ের বেশি আমিরাতে অবস্থান করা যাবে না। অতিরিক্ত সময় থাকলে জরিমানা ও আইনি জটিলতায় পড়তে হতে পারে।

Logo