Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসীদের জন্য ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন চলছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৫

প্রবাসীদের জন্য ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন চলছে

বাংলাদেশের হজ কোটার আওতায় ২০২৭ সালে হজ পালনে আগ্রহী প্রবাসী বাংলাদেশি নাগরিকদের (এনআরবি) জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার মাধ্যমেই প্রবাসীরা হজে যেতে পারবেন।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ই-হজ সিস্টেমে প্রাক-নিবন্ধনের জন্য আবেদনকারীর বৈধ বাংলাদেশি পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র কিংবা জন্মসনদ থাকতে হবে। পাশাপাশি পাসপোর্ট সাইজের ছবি, হোয়াটসঅ্যাপ সক্রিয় মোবাইল নম্বর এবং বাংলাদেশের একটি ব্যাংক হিসাবের তথ্য জমা দিতে হবে। একই পরিবারের একাধিক সদস্য একটি ব্যাংক হিসাব ব্যবহার করেও নিবন্ধন করতে পারবেন।

আবেদন করার সময় প্রবাসী বাংলাদেশিদের অবশ্যই এনআরবি (Non-Resident Bangladeshi) হিসেবে তথ্য প্রদান করতে হবে। এছাড়া তারা যে দেশে বসবাস করছেন, সেই দেশের নাম উল্লেখ করে বৈধ বসবাসের প্রমাণপত্র আপলোড করতে হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইডলাইন শিগগিরই ঘোষণা করা হবে। এরপর ই-হজ সিস্টেমে প্রকাশিত প্যাকেজ থেকে পছন্দ অনুযায়ী নির্বাচন করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। সৌদি আরব সরকারের নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র নিবন্ধিত হজযাত্রীরাই হজ পালনের সুযোগ পাবেন।

মন্ত্রণালয় প্রবাসী বাংলাদেশিদের সময়মতো প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রেখে নির্ধারিত প্রক্রিয়ায় প্রাক-নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। এতে হজযাত্রা আরো নির্বিঘ্ন ও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।

Logo