Logo
×

Follow Us

বাংলাদেশ

২০২৭ সালের হজে ভাড়া কমানোর প্রস্তাব দিল ইউএস-বাংলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ২৩:৫৪

২০২৭ সালের হজে ভাড়া কমানোর প্রস্তাব দিল ইউএস-বাংলা

ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০২৭ সালের হজ মৌসুমে প্রত্যেক হাজির জন্য ৯৮ হাজার টাকা নেট ভাড়া প্রস্তাব করেছে। ধর্ম মন্ত্রণালয়ে জমা দেওয়া এ প্রস্তাবকে সরকার ইতিবাচকভাবে দেখছে এবং মনে করছে, এটি সামগ্রিক হজ খরচ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২০২৬ সালের হজে প্রত্যেক হাজির জন্য বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। ইউএস-বাংলার নতুন প্রস্তাব সেই তুলনায় অনেক কম। ধর্মবিষয়ক সচিব মুনশি আলাউদ্দিন আল আজাদ জানিয়েছেন, এ প্রস্তাব সরকারের আলোচনায় একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। তিনি বলেন, “আমরা চাই মানুষ যেন কম খরচে হজ করতে পারে। প্রতিযোগিতা বাড়লে ভাড়া কমবে, আর এটি আমাদের জন্য ইতিবাচক।”

ধর্ম মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ইউএস-বাংলা সরকারকে জানিয়েছে তারা সব ধরনের কার্যকরী শর্ত পূরণ করে হাজিদের জন্য এই ভাড়া নিশ্চিত করতে প্রস্তুত। এতে বাংলাদেশি হাজিরা কম খরচে হজ পালন করতে পারবেন।

বর্তমানে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া এবং বেসরকারি সৌদি এয়ারলাইন ফ্লাইনাস। ইউএস-বাংলার প্রস্তাব এ প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানিয়েছেন, তারা সব সময় কম ভাড়ার পক্ষে ছিলেন এবং এ প্রস্তাব নিয়ে আলোচনা করবেন।

Logo