জর্ডানে গার্মেন্টস কর্মী নিয়োগ; বেতন ১৩০-৩০০ ডলার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:০৯
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) আবারো বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ ঘোষণা করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন এই সরকারি সংস্থা এবার জর্ডানের একটি সুপরিচিত পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান Tusker Apparel-এ দক্ষ গার্মেন্টস কর্মী ও প্রোডাকশন সুপারভাইজার নিয়োগ দিচ্ছে।
বোয়েসেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, নারী কর্মীদের জন্য ফ্যাক্টরি ওয়ার্কার পদে ১৩০টি এবং পুরুষদের জন্য প্রোডাকশন সুপারভাইজার পদে ৩টি শূন্যপদ রয়েছে। আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে। নারী কর্মীদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১৮০ থেকে ২০০ মার্কিন ডলার এবং পুরুষ সুপারভাইজারদের জন্য ৩০০ মার্কিন ডলার।
চাকরির শর্ত অনুযায়ী, কোম্পানি কর্মীদের জন্য খাবার, বাসস্থান ও চিকিৎসা সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করবে। বোয়েসেলের সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা এবং ভিসা ফি ২২০ টাকা। তবে পাসপোর্ট, মেডিকেল টেস্ট, পুলিশ ক্লিয়ারেন্স ও প্রশিক্ষণের খরচ প্রার্থীদের নিজ দায়িত্বে বহন করতে হবে।
নির্বাচিত প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ১০ জুলাই সকাল ৯টায়, ঢাকার মিরপুর শাহ আলী এলাকায় অবস্থিত মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। আগ্রহী প্রার্থীরা বোয়েসেলের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিবন্ধন করতে পারবেন।
বোয়েসেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটি কোনো এজেন্ট বা মধ্যস্থতাকারীর মাধ্যমে প্রার্থী নির্বাচন করে না। প্রার্থীদের সরাসরি বোয়েসেলের নির্ধারিত নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই করা হবে। সংস্থাটি সতর্ক করে দিয়েছে, কেউ যেন কোনো ব্যক্তি বা গ্রুপকে অর্থ প্রদান না করেন। কারণ বোয়েসেল সম্পূর্ণ সরকারি ও স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন করে।
logo-1-1740906910.png)