ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন ফাইল সাজানোর সঠিক নিয়ম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:০৭
ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন জমা দেওয়ার সময় অনেকেই ফাইল সাজাতে বিভ্রান্তিতে পড়েন। আবেদনপত্র সঠিকভাবে সাজানো না থাকলে সময় নষ্ট হয় এবং প্রক্রিয়া জটিল হয়ে পড়ে। তাই আবেদনকারীদের সুবিধার্থে নির্দিষ্ট ক্রমে কাগজপত্র সাজানোর নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রথমেই ফাইলের শুরুতে রাখতে হবে ২×২ ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা রঙিন ছবি। এটি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। এরপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি যুক্ত করতে হবে। ফরমে আঠা দিয়ে ছবি লাগাতে হবে, স্ট্যাপল করা যাবে না।
এরপর রাখতে হবে জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের ফটোকপি সংযুক্ত করতে হবে, যা ঠিকানা যাচাইয়ের প্রমাণ হিসেবে কাজ করবে।
ব্যাংক স্টেটমেন্টও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে, যেখানে ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে ২০ হাজার টাকা। বিকল্পভাবে ১৫০ মার্কিন ডলারের এন্ডোর্সমেন্টও গ্রহণযোগ্য।
পেশাগত প্রমাণপত্র হিসেবে চাকরির পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স বা এনওসি (No Objection Certificate) সংযুক্ত করতে হবে। পূর্বে ভারতীয় ভিসা থাকলে তার কপিও ফাইলে রাখতে হবে।
সবশেষে পাসপোর্টের ফটোকপি যুক্ত করতে হবে। এই ক্রমে কাগজপত্র সাজালে আবেদন যাচাই ও জমা দেওয়ার প্রক্রিয়া অনেক সহজ হবে।
ভিসা অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, আবেদনপত্র সঠিকভাবে সাজানো থাকলে যাচাই দ্রুত সম্পন্ন হয় এবং আবেদনকারীর সময় বাঁচে। অনেক সময় ফাইল এলোমেলো থাকায় প্রয়োজনীয় কাগজপত্র খুঁজে পাওয়া যায় না, ফলে আবেদন বাতিল বা বিলম্বিত হয়।
logo-1-1740906910.png)