ভারতে পর্যটক ভিসা পরিষেবা পুনরায় চালু হতেই বাংলাদেশিদের আবেদনের ঢল নেমেছে। মাত্র একদিনে প্রায় ১ লক্ষ ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে, যার অধিকাংশই চিকিৎসার উদ্দেশ্যে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিপুল সাড়া পশ্চিমবঙ্গের মেডিকেল ট্যুরিজম খাতকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছে। ভারতীয় জনপ্রিয় দৈনিক সংবাদ প্রতিদিন এ সংবাদ প্রকাশ করেছে।
বাংলাদেশ, মিয়ানমার ও ভুটান থেকে বহু রোগী পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য আসেন। নতুন সরকারের বাজেটে মেডিকেল ট্যুরিজম প্রসারে বিশেষ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, “বাংলায় মেডিকেল ট্যুরিজমের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বেসরকারি হাসপাতালগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। পিপিপি মডেলে গড়ে উঠবে আধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল।”
উডল্যান্ডস হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রূপক বড়ুয়া বলেন, “মাত্র ২৪ ঘণ্টায় লক্ষাধিক আবেদন অত্যন্ত আশাব্যঞ্জক। এটি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার জন্য ইতিবাচক সংকেত।” ফর্টিস হেলথকেয়ারের গ্রুপ চিফ অপারেটিং অফিসার অনিল বিনায়ক জানান, “বিপুল আবেদন প্রমাণ করছে ভারত তথা কলকাতার হাসপাতালের প্রতি বাংলাদেশের রোগীদের আস্থা অটুট। এর মূল কারণ বাংলার চিকিৎসকদের দক্ষতা এবং সাশ্রয়ী চিকিৎসা।”
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর ভারত পর্যটক ভিসা দেওয়া বন্ধ রেখেছিল। দুই বছর পর আবার তা চালু হওয়ায় বাংলাদেশি রোগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রবণতা বাংলার স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত খুলে দেবে।
logo-1-1740906910.png)