চলতি মাসে সিঙ্গাপুর, বাহরাইন ও ফ্রান্সে প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য কারিগরি ও ব্যবস্থাপনা টিম পাঠানো হচ্ছে।
৪ জুলাই ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই উপ-সচিব জিএম সাহাতাব উদ্দিন তিন দেশের জন্য ছয়টি আদেশ জারি করেছেন। এর আওতায় ১৩ জুলাই বাহরাইনে চার সদস্যের একটি কারিগরি টিম যাবে, এরপর ১৫ জুলাই দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল সেখানে যোগ দেবে।
সিঙ্গাপুরে ২৭ জুলাই সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি টিম যাবে। আর ২৯ জুলাই অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল দেশটিতে পৌঁছাবে।
অন্যদিকে ২০ জুলাই এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি টিম ফ্রান্সে যাবে। ২২ জুলাই মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল সেখানে যোগ দেবে। পুরো সফরের ব্যয় বহন করবে আইডিইএ প্রকল্প-২।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান, দক্ষিণ আফ্রিকাসহ ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলছে। এবার নতুন করে সিঙ্গাপুর, বাহরাইন ও ফ্রান্স যুক্ত হচ্ছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের এনআইডি আবেদন সংগ্রহ করা হয়। দেশে যাচাই শেষে এনআইডি প্রিন্ট করে আবার দূতাবাসের মাধ্যমে সরবরাহ করা হয়।
logo-1-1740906910.png)