আগামী বছর হজ পালনের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুসারে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
হজযাত্রার প্রথম ধাপ হলো প্রাক-নিবন্ধন। এ সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি), বাংলাদেশি পাসপোর্ট বা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে। একই পরিবারের একাধিক ব্যক্তি চাইলে একটি ব্যাংক হিসাব ব্যবহার করতে পারবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, হজের আর্থিক লেনদেন নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে হজে যেতে ইচ্ছুকদের জন্য ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক। যারা আগে প্রাক-নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য দেননি, তাদের এবার অবশ্যই সেই তথ্য জমা দিতে হবে।
এর আগে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) উপস্থিত ছিলেন। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার হাতে সময়সূচি তুলে দেন।
প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষর হবে। এরপর ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজের ভিসা দেওয়া শুরু হবে। আগামী ৮ এপ্রিল থেকে হজযাত্রী বহনের ফ্লাইট পরিচালনা শুরু হবে। আর চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
logo-1-1740906910.png)