সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের চলমান ভিসা জটিলতা ও মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রবাসী গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’। আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত তারেক আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তারা প্রবাসীদের মানবিক দুর্ভোগ ও দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরেন।
সভায় জানানো হয়, নতুন ভিসা প্রাপ্তিতে জটিলতা এবং সময়মতো এমআরপি পাসপোর্ট হাতে না পাওয়ার কারণে হাজার হাজার বাংলাদেশি বৈধ বসবাসের মেয়াদ হারাচ্ছেন। এর ফলে প্রতিদিন বিপুল অঙ্কের জরিমানার সম্মুখীন হচ্ছেন তারা এবং যে কোনো মুহূর্তে গ্রেপ্তার বা দেশে ফেরত পাঠানোর ঝুঁকিতে রয়েছেন। পাসপোর্ট সংকটের কারণে অনেকেই চাকরি হারাচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখতে পারছেন না এবং চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন। এমনকি অনেকে পরিবারের কাছে বৈধভাবে অর্থ পাঠাতেও পারছেন না।
প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখা এই রেমিট্যান্স যোদ্ধাদের ভোগান্তি আর দীর্ঘায়িত হতে দেওয়া যায় না। তারা সরকারের কাছে অবিলম্বে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
রাষ্ট্রদূত তারেক আহমদ সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জানান, বর্তমান সরকার প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, ভিসা জটিলতা ও পাসপোর্ট সংকটের কারণ ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং বিষয়টি সমাধানে দূতাবাস ও সরকারের উচ্চপর্যায়ে সমন্বিতভাবে কাজ চলছে। আরব আমিরাত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতিবাচক আলোচনা অব্যাহত রয়েছে এবং দ্রুতই প্রবাসীরা এই সংকট থেকে স্বস্তি পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাহীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা প্রবাসীদের বর্তমান করুণ পরিস্থিতি তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান।
logo-1-1740906910.png)