বাংলাদেশ ও মরক্কোর মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করতে নতুন উদ্যোগের প্রস্তাব দেওয়া হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা আল কেরদুদি আল কুলালি বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগ গড়ার প্রস্তাব দেন।
রাষ্ট্রদূত বলেন, মরক্কোর কৌশলগত ভৌগোলিক অবস্থান আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগ কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলা যেতে পারে। তিনি আরো জানান, দক্ষ ও অর্ধদক্ষ বাংলাদেশি জনশক্তি নিয়োগসহ সব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে মরক্কো প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত এবং বিদ্যমান সম্পর্ক আরো শক্তিশালী করতে আগ্রহী।
আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, বস্ত্রশিল্প, পাট ও পাটজাত পণ্য, সামুদ্রিক বিষয়, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক উঠে আসে। প্রতিমন্ত্রী ক্রীড়া, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতেও সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরো জোরদারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়, পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি, নিয়মিত দ্বিপক্ষীয় সংলাপ এবং উচ্চপর্যায়ের সফর বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
logo-1-1740906910.png)