কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। ৩০ জুন দুপুরে স্থানীয় আকুনি মাদ্রাসা মাঠে হাজারও মানুষের উপস্থিতিতে সম্মিলিত জানাজা শেষে তাদের নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে। এ সময় সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানান।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে ৩৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছে এবং ভবিষ্যতে আরো ৩ লাখ টাকা প্রদানের আশ্বাস দিয়েছে। মরদেহগুলো নিজ গ্রামে পৌঁছালে স্বজনদের বুকফাটা কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
নিহতরা হলেন ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের জসিম উদ্দিন, আগতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের কাদির আহমদ।
গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত দুর্ঘটনায় মোট ছয়জন প্রাণ হারান। তাদের মধ্যে পাঁচজনই ছিলেন কানাইঘাটের বাসিন্দা। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের এমন অকাল মৃত্যুতে পুরো কানাইঘাট উপজেলায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
logo-1-1740906910.png)