Logo
×

Follow Us

বাংলাদেশ

নিরাপদ অভিবাসনে একসাথে কাজ করবে ব্র্যাক ও আইসিএমপিডি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৪৫

নিরাপদ অভিবাসনে একসাথে কাজ করবে ব্র্যাক ও আইসিএমপিডি

বাংলাদেশ থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে ব্র্যাক ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি)। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও স্থানীয় বাস্তবতাকে সমন্বিত করে অভিবাসন ব্যবস্থাপনায় কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হলো।

এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো অনিয়মিত পথে ইউরোপে কর্মী পাঠানোর প্রবণতা কমানো এবং বৈধ সুযোগ তৈরি করা। একই সঙ্গে বিদেশফেরত অভিবাসীদের সমাজে পুনরায় প্রতিষ্ঠিত করতে টেকসই সহায়তা প্রদান করা হবে। অভিবাসন খাতে সুশাসন প্রতিষ্ঠা, শ্রম অভিবাসন সহজীকরণ এবং অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করাও এ উদ্যোগের অংশ। জলবায়ু পরিবর্তনের ফলে অভিবাসনের ওপর যে প্রভাব পড়ছে, সেটি নিয়েও যৌথভাবে কাজ করবে ব্র্যাক ও আইসিএমপিডি।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে আইসিএমপিডির উপ-মহাপরিচালক সেদেফ ডেয়ারিং বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অভিবাসনের ভূমিকা অনস্বীকার্য। তবে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক বাজারে দক্ষ কর্মীর চাহিদা পূরণ এখনো বড় চ্যালেঞ্জ। তিনি আশা প্রকাশ করেন, ব্র্যাকের অভিজ্ঞতা ও আইসিএমপিডির বৈশ্বিক দক্ষতার সমন্বয়ে এ কার্যক্রম আরো গতিশীল হবে।

ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক অরিঞ্জয় ধর বলেন, ব্র্যাক দীর্ঘদিন ধরে নিরাপদ অভিবাসন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে কাজ করছে। তিনি মনে করেন, আইসিএমপিডির আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং ব্র্যাকের স্থানীয় কাজের অভিজ্ঞতা একত্রে অভিবাসন ব্যবস্থাকে আরো মানবিক ও কার্যকর করে তুলবে।

দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানিয়েছেন, নীতিগত সংলাপ, গবেষণা, প্রশিক্ষণ এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা হবে।

Logo