Logo
×

Follow Us

বাংলাদেশ

দক্ষ জনশক্তি গঠনে সুইজারল্যান্ডের সহযোগিতা চায় বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০১:২৫

দক্ষ জনশক্তি গঠনে সুইজারল্যান্ডের সহযোগিতা চায় বাংলাদেশ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। ২৮ জুন মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দক্ষ জনশক্তি গঠন এবং নিরাপদ অভিবাসন ব্যবস্থাকে আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে বাংলাদেশকে দক্ষতা উন্নয়ন, নিরাপদ অভিবাসন এবং সামাজিক সুরক্ষায় সহযোগিতা দিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে অনেক বাংলাদেশি কর্মী দেশে ফিরে আসতে বাধ্য হচ্ছেন। তাদের পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করা এখন জরুরি। এ ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থার মাধ্যমে সুইজারল্যান্ডের সহযোগিতা প্রশংসনীয়।

তিনি প্রবাসী কর্মসংস্থানের অনলাইন প্ল্যাটফর্ম উন্নয়নে সুইজারল্যান্ডের কারিগরি সহায়তার জন্য ধন্যবাদ জানান। মন্ত্রী বলেন, এ প্ল্যাটফর্ম অভিবাসন ব্যবস্থাপনাকে আধুনিক ও স্বচ্ছ করেছে। তবে এটিকে আরো শক্তিশালী করতে জনবল চাহিদা ব্যবস্থাপনা, চিকিৎসাকেন্দ্র সংযুক্ত করা, চাকরির পোর্টাল উন্নয়ন এবং আলাদা মোবাইল অ্যাপ চালুর ক্ষেত্রে সুইজারল্যান্ডের সহযোগিতা প্রয়োজন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার নিরাপদ কর্মপরিবেশ, শ্রমিক কল্যাণ, সামাজিক সুরক্ষা এবং দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক শিল্পখাতের চাহিদা অনুযায়ী কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ সম্প্রসারণ করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, সুইজারল্যান্ডের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের আন্তর্জাতিক সুনাম রয়েছে, যা বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সহায়ক হবে।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের সবচেয়ে বড় শক্তি। সুইজারল্যান্ডের স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, আতিথেয়তা ও নির্মাণ খাতে বাংলাদেশি দক্ষ কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুইজারল্যান্ডে বৃত্তির সুযোগ বাড়াতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, সুইজারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি প্রবাসী সমাজ অত্যন্ত সম্ভাবনাময়। তাদের কার্যকরভাবে কাজে লাগানো গেলে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে।

রাষ্ট্রদূত রেতো রেংগলি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। বিদেশ থেকে দেশে ফিরে আসা কর্মীদের অর্থনৈতিক ও সামাজিক পুনর্বাসনে গুরুত্ব দিতে হবে। তিনি আশ্বাস দেন, বাংলাদেশের জনশক্তিকে আরো দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে সুইজারল্যান্ড আন্তরিকভাবে কাজ করবে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডের অভিবাসন ও সুরক্ষা বিষয়ক আঞ্চলিক উপদেষ্টা লিসা গ্রেমিঙ্গার, আঞ্চলিক কর্মসূচি ব্যবস্থাপক নাজিয়া হায়দার এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Logo