চীনে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন ১০০ বাংলাদেশি শিক্ষার্থী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০১:১৮
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় আগামী কয়েক বছরে প্রায় ১০০ জন বাংলাদেশি শিক্ষার্থী মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।
২৮ জুন তিয়ানজিনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সমঝোতা সই হয়। তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মিং দং অংশ নেন। বৈঠকে ইউজিসির পরিচালক সুলতান মাহমুদ ভূঁইয়া এবং বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডিন অধ্যাপক লি কিয়াং উপস্থিত ছিলেন।
বৈঠকে ইউজিসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে আন্তর্জাতিক মানসম্পন্ন মানবসম্পদ তৈরিতে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্ব অত্যন্ত জরুরি। তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য নতুন সুযোগ তৈরি করবে। তিনি যৌথ অর্থায়নে মাস্টার্স ও পিএইচডি কর্মসূচি চালুর প্রস্তাব দেন।
অধ্যাপক মামুন আহমেদ আরো বলেন, প্রকৌশল, বিজ্ঞান, প্রযুক্তি, মানবিক ও অন্যান্য অগ্রাধিকারভিত্তিক বিষয়ে শিক্ষক ও গবেষকদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন। এ ধরনের কর্মসূচি শিক্ষক উন্নয়ন, গবেষণার দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ক গঠনে সহায়ক হবে।
চীনা ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান জানান, দেশের প্রায় ২৫টি বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে দক্ষ শিক্ষক, পাঠ্যক্রম উন্নয়ন ও একাডেমিক সহায়তা প্রত্যাশা করা হচ্ছে। তার মতে, চীনা ভাষা শিক্ষা সম্প্রসারিত হলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে।
ইউজিসি চেয়ারম্যান বাংলাদেশে যৌথ গবেষণাগার স্থাপনেরও প্রস্তাব দেন। এতে পারস্পরিক আগ্রহের বিষয়গুলোয় গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি স্থানান্তর ও সক্ষমতা উন্নয়নের সুযোগ বাড়বে।
তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট মিং দং বলেন, বাংলাদেশের সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা বাড়াতে তাদের বিশ্ববিদ্যালয় আগ্রহী। বর্তমানে প্রায় ৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছেন। ভবিষ্যতে আরো বেশি শিক্ষার্থীকে স্বাগত জানাতে তারা প্রস্তুত।
logo-1-1740906910.png)