যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ২৭ জুন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করলে দর্শনার্থীরা কঠোর পরিণতির সম্মুখীন হতে পারেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন বা সেগুলোর অপব্যবহার করেন, তবে তাদের ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে তারা ভিসা পাওয়ার অযোগ্য হয়ে পড়তে পারেন।
দূতাবাস স্পষ্ট করেছে, অনভিবাসী ভিসাধারীদের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সরকারি সুবিধা গ্রহণের নিয়ম অত্যন্ত কঠোর। এসব সুবিধা মূলত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নির্ধারিত। তাই বিদেশি দর্শনার্থীরা যদি এসব সুবিধা ব্যবহার করেন, তবে তা ভিসার শর্ত ভঙ্গ হিসেবে গণ্য হবে।
সতর্কবার্তায় আরো বলা হয়েছে, ভিসার শর্ত ভঙ্গ করলে শুধু বর্তমান ভিসা বাতিলই নয়, বরং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগও হারাতে হতে পারে। ফলে আবেদনকারীদের সতর্ক থাকতে হবে এবং ভিসার শর্তাবলি যথাযথভাবে মেনে চলতে হবে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই নতুন সতর্কবার্তা অভিবাসন নীতির কঠোরতারই প্রতিফলন। সাম্প্রতিক সময়ে ভিসা প্রক্রিয়ায় নানা পরিবর্তন আনা হয়েছে, যা বিদেশি দর্শনার্থীদের জন্য আরো জটিলতা তৈরি করছে। বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রে স্বল্পমেয়াদি সফরে যান, তাদের জন্য এই সতর্কবার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
logo-1-1740906910.png)