সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইত্তেহাদ এয়ারওয়েজ ঢাকা রুটে তাদের নতুন সেবা চালু করেছে। গত ২৬ জুন আবুধাবি থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা উদ্বোধনী ফ্লাইটটি ছিল সম্পূর্ণ বিক্রি শেষ। বোয়িং ৭৭৭ বিমানটি রাত ১০টায় আবুধাবি থেকে ছেড়ে পরদিন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
নতুন এই রুট সপ্তাহে চার দিন পরিচালিত হবে। বিমানে থাকবে ২৮টি লায়-ফ্ল্যাট বিজনেস ক্লাস আসন এবং ৩৭৪টি ইকোনমি আসন। পাশাপাশি থাকবে উল্লেখযোগ্য কার্গো সুবিধা, যা বাংলাদেশের রপ্তানি খাত বিশেষ করে তৈরি পোশাক শিল্পের জন্য নতুন সুযোগ তৈরি করবে।
ইত্তেহাদ এয়ারওয়েজের প্রধান নির্বাহী আন্তোনোয়ালদো নেভেস বলেন, উদ্বোধনী ফ্লাইটের বিক্রি শেষ হওয়া দুই দেশের মধ্যে দৃঢ় সম্পর্কের প্রতিফলন। তিনি জানান, যাত্রী ও কার্গো; উভয় ক্ষেত্রেই চাহিদা অত্যন্ত শক্তিশালী। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বৃহৎ বাংলাদেশি সম্প্রদায় এবং উপসাগরীয় অঞ্চল, উত্তর আমেরিকা ও যুক্তরাজ্যে প্রবাসী যাত্রীদের জন্য এই রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যাত্রী পরিবহনের পাশাপাশি এই রুট বাংলাদেশের রপ্তানি খাতকে নতুন মাত্রা দেবে। তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের জন্য মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে আরো নির্ভরযোগ্য কার্গো সংযোগ তৈরি হবে। আবুধাবিকে দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক বাজারের মধ্যে একটি কৌশলগত ট্রানজিট হাব হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েছে ইত্তেহাদ।
ফ্লাইটসূচি:
EY382: আবুধাবি → ঢাকা (সোম, বুধ, শুক্র, শনিবার)
EY383: ঢাকা → আবুধাবি (মঙ্গল, বৃহস্পতি, শনিবার, রোববার)
ঢাকা হয়ে যাত্রীরা আবুধাবিতে স্টপওভার প্রোগ্রামের সুবিধা নিতে পারবেন। এতে তারা শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ, লুভর আবুধাবি, জায়েদ ন্যাশনাল মিউজিয়ামসহ সাংস্কৃতিক ও পর্যটনকেন্দ্র ঘুরে দেখার সুযোগ পাবেন।
logo-1-1740906910.png)