Logo
×

Follow Us

বাংলাদেশ

ফেসবুকে অস্ট্রেলিয়া পাঠানোর নামে ভুয়া গ্রুপ, প্রতারণায় আটক ৩

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:০৫

ফেসবুকে অস্ট্রেলিয়া পাঠানোর নামে ভুয়া গ্রুপ, প্রতারণায় আটক ৩

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ নামে একটি ভুয়া গ্রুপ খুলে চাকরি ও ভিসার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজনকে আটক করেছে। ২৫ জুন দুপুরে নগরীর কলেজপাড়া এলাকার সিডিডি হাউজিং সোসাইটির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন রুহানুর রহমান (২৩), শফিক ইসলাম (৩১) এবং হিমেল ইসলাম (২২)। তাদের কাছ থেকে অস্ট্রেলিয়ার জাল ভিসা সংযুক্ত ১০টি বাংলাদেশি পাসপোর্ট, দুটি ভুয়া অস্ট্রেলিয়ান পাসপোর্ট, একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন, ভুয়া পরিচয়পত্র, ব্যানার, অফার লেটার, অর্থ গ্রহণের রশিদ ও ভুয়া বিমান টিকিটসহ প্রায় ৩০ সেট নথি উদ্ধার করা হয়েছে।

বিকেলে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-কমিশনার সনাতন চক্রবর্তী জানান, বিদেশে চাকরি ও ভিসার নামে প্রতারণার তথ্য পাওয়ার পর গোয়েন্দা নজরদারি শুরু হয়। যাচাই-বাছাই শেষে অভিযানে গিয়ে তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, ফেসবুকে ‘Costa Group Australia’ নামে ভুয়া পেজ খুলে অস্ট্রেলিয়ায় চাকরি ও ভিসার বিজ্ঞাপন দিত। আগ্রহী ব্যক্তিদের টার্গেট করে তারা প্রতারণা চালাত। নিজেদের বিশ্বাসযোগ্য করতে অফিসে ব্যানার, নেমপ্লেট ও পরিচয়পত্র ব্যবহার করত। পরে ভিসা প্রক্রিয়ার নামে পাসপোর্ট সংগ্রহ করে তাতে জাল ভিসা সংযুক্ত করে মোটা অঙ্কের অর্থ আদায় করত।

ডিবি জানিয়েছে, উদ্ধার হওয়া পাসপোর্টগুলোর মালিকরা অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার আশায় বিভিন্ন দালাল ও এজেন্টের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়েছিলেন। তাদের অজান্তেই এসব পাসপোর্ট প্রতারণার কাজে ব্যবহার করা হচ্ছিল।

উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চক্রটির সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা এবং তারা কতজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।

Logo