নীলফামারীতে ভিসা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ২৫ জুন রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরদিন দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মতলুবর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের লাল মিয়ার ছেলে রাব্বি ইসলাম (২৪), রিফাত ইসলাম ওরফে ব্রিটিশ (২০), একই উপজেলার নিতাই বসুনিয়াপাড়ার আসাদুল ইসলামের ছেলে আনিসুল ইসলাম (১৯) এবং সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বড় সংগলশী খামাতপাড়া এলাকার গুলজার রহমানের ছেলে শান্ত ইসলাম (১৯)।
ডিবি জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বাড়িতে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে দেশ ও বিদেশে অবস্থানরত প্রবাসীদের ভিসা দেওয়ার নামে প্রতারণা চালিয়ে আসছিলেন। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিসার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করতেন। আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার পর ভিসা দেওয়ার নামে প্রতারণা করতেন। ভুক্তভোগীরা ভিসার আশায় তাদের কাছে পাসপোর্ট ও টাকা জমা দিতেন, কিন্তু শেষ পর্যন্ত প্রতারণার শিকার হতেন।
ওসি মতলুবর রহমান জানান, রাতেই গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্তে দেখা হচ্ছে, এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা এবং তারা কতজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে।
logo-1-1740906910.png)