নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন যেভাবে করবেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১৫:৫৭
দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন চালু হচ্ছে। আগামী ২৮ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হবে। বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ ঘোষণা দেন। তবে এবার ভিসা আবেদনের নিয়মে এসেছে বেশ কিছু পরিবর্তন।
আবেদনকারীদের এখন অনলাইনে ফর্ম পূরণ করে ওয়েবফাইল আপলোড করতে হবে এবং আবেদন জমা দেওয়ার আগের দিন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। দেশের পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে— ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে।
ভারতের ভিসার জন্য আবেদন করতে হবে ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করে। ফরম পূরণের পর সেটি ডাউনলোড করতে হবে এবং ওয়েবফাইল হিসেবে আপলোড করতে হবে। দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টার মধ্যে সাইনআপ ও ওয়েবফাইল আপলোড করা যাবে। সফলভাবে ওয়েবফাইল আপলোড করা আবেদনকারীরাই বিকাল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। সন্ধ্যা ৬টায় স্লট চালু হলে লগইন করে পরবর্তী দিনের জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে। চাইলে একবার পরিবর্তনের সুযোগ থাকবে।
ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন জমা দেওয়ার সময় কিছু কাগজপত্র বাধ্যতামূলক। এর মধ্যে রয়েছে—
- ছয় মাস মেয়াদসহ মূল পাসপোর্ট এবং পুরোনো সব পাসপোর্ট
- সাম্প্রতিক রঙিন ছবি
- জন্মতারিখের প্রমাণ (জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন)
- আবাসনের প্রমাণ (ইউটিলিটি বিল)
- পেশার প্রমাণ (চাকরিজীবীদের নিয়োগকর্তার চিঠি, ছাত্রদের আইডি, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স)
- আর্থিক স্বচ্ছতার প্রমাণ (১৫০ ডলার সমমূল্যের বিদেশি মুদ্রা এনডোর্স, ক্রেডিট কার্ড কপি বা ব্যাংক স্টেটমেন্ট)
- অনলাইন ভিসা আবেদনপত্রের রেজিস্ট্রেশন নম্বর ও ছবি আপলোড
ভারত ভিসা ফি নেয় না। তবে প্রক্রিয়াকরণ চার্জ হিসেবে আইভ্যাক ১,৫০০ টাকা নেয়, যা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় অনলাইনে পরিশোধ করতে হয়। ভিসা প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীর মোবাইলে এসএমএস পাঠানো হবে এবং সেই অনুযায়ী পাসপোর্ট সংগ্রহ করতে হবে।
নতুন নিয়মে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন প্রক্রিয়া আরো আধুনিক ও স্বচ্ছ হয়েছে। অনলাইনে ফরম পূরণ, ওয়েবফাইল আপলোড ও অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের মাধ্যমে আবেদনকারীরা সহজেই ভিসা করতে পারবেন। দীর্ঘ বিরতির পর ভিসা চালু হওয়ায় বাংলাদেশি পর্যটকরা আবারো ভারতে ভ্রমণের সুযোগ পাচ্ছেন, যা দুই দেশের অর্থনীতি ও সম্পর্কের জন্য ইতিবাচক বার্তা।
logo-1-1740906910.png)