প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে। ২৪ জুন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। জুলাই থেকে এর ইতিবাচক ফলাফল দৃশ্যমান হবে।”
মন্ত্রী বলেন, মালয়েশিয়া সরকার ও জনগণের আন্তরিক সহযোগিতা এবং দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার ফলে শ্রমবাজার ও জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জুলাই মাসেই মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন এবং জনগণ দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রবাসীদের সেবার মান উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, অসুস্থ এবং বিশেষ সহায়তাপ্রার্থী যাত্রীদের জন্য লাগেজ ব্যবস্থাপনা, সহায়ক সেবা এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি বিমানবন্দরে কোনো ধরনের হয়রানি বা অসুবিধা এড়াতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, বিপুলসংখ্যক প্রবাসীর সুবিধা বিবেচনায় বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। রাতের ফ্লাইটে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং শিশুদের জন্য ‘কিডস জোন’ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে।
সাংবাদিকদের প্রশ্নে মাজার ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতার সুযোগ দেওয়া হবে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলা হবে।
কাতারে নিহত বাংলাদেশিদের প্রসঙ্গে তিনি বলেন, সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। নিহতদের মরদেহ দেশে আনা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।
logo-1-1740906910.png)