ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:২৪
বিদেশে ভিসা ও কনস্যুলার ফি পাঠানোর প্রক্রিয়া আরো সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২২ জুন) বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে প্রকাশিত এক সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে আদায় করা ফি সংশ্লিষ্ট দূতাবাস, তাদের বিদেশস্থ কার্যালয় বা নির্ধারিত ব্যাংক হিসাবে পাঠাতে পারবেন।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, দূতাবাস নির্ধারিত হার অনুযায়ী ভিসা ফি সংগ্রহ করতে হবে। পাশাপাশি দূতাবাস বা তাদের অনুমোদিত প্রতিষ্ঠানের ইস্যুকৃত ইনভয়েস সংরক্ষণ বাধ্যতামূলক থাকবে। প্রতিটি আবেদনকারীর কাছ থেকে আদায় করা ফি-সংক্রান্ত বিস্তারিত তথ্য সংযুক্ত রাখতে হবে। বিদেশে অর্থ পাঠানোর আগে প্রযোজ্য সব ধরনের কর যথাযথভাবে কেটে রাখা হয়েছে কিনা, তাও নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই নতুন ব্যবস্থার ফলে ভিসা ও কনস্যুলার ফি পরিশোধ ও বিদেশে প্রেরণের প্রক্রিয়া আরো দ্রুত, সহজ ও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে এ ধরনের লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও এটি সহায়ক ভূমিকা রাখবে।
অভিবাসন খাতের সঙ্গে যুক্তরা বলছেন, এতদিন ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর ক্ষেত্রে নানা জটিলতা ছিল। অনেক সময় আবেদনকারীদের ব্যক্তিগতভাবে অর্থ পাঠাতে হতো, যা ঝুঁকিপূর্ণ ছিল। নতুন নির্দেশনা কার্যকর হলে দালালচক্রের সুযোগ কমবে এবং আবেদনকারীরা ব্যাংকের মাধ্যমে নিরাপদে অর্থ পাঠাতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, ভিসা আবেদনকারীদের ভোগান্তি কমাতে এবং বৈদেশিক মুদ্রা লেনদেনে শৃঙ্খলা আনতে এটি কার্যকর ভূমিকা রাখবে।
logo-1-1740906910.png)