Logo
×

Follow Us

বাংলাদেশ

২১ দিনেই রেমিট্যান্স এলো ২০৮ কোটি ৪০ লাখ ডলার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:২২

২১ দিনেই রেমিট্যান্স এলো ২০৮ কোটি ৪০ লাখ ডলার

চলতি জুন মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ২০৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৫ হাজার ৫৮১ কোটি টাকা। ২২ জুন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুধু ২১ জুনেই দেশে রেমিট্যান্স এসেছে এক হাজার ৫৯৫ কোটি ৭৫ লাখ টাকা। গত বছরের জুন মাসের প্রথম ২১ দিনে প্রবাসী আয় ছিল ১৯৯ কোটি ডলার। সেই তুলনায় এ বছর একই সময়ে আয় বেড়েছে চার দশমিক ৭০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২১ জুন পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৪৮৪ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ২ হাজার ৯৪৯ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৮ দশমিক ১০ শতাংশ।

এ সময়ে আসা রেমিট্যান্স আনায়নকারী ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে আছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এ ব্যাংকের মাধ্যমে সর্বমোট রেমিট্যান্স এসেছে ৩৩৫ মিলিয়ন ডলার, দ্বিতীয় অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ২৫৪ মিলিয়ন ডলার। এরপর যথাক্রমে আছে ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক। 

অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে। একই সঙ্গে পরিবারগুলোতে আর্থিক স্বস্তি এনে দিচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং ব্যাংক ও মানি এক্সচেঞ্জের উদ্যোগের কারণে রেমিট্যান্সে এ প্রবৃদ্ধি এসেছে। উৎসব মৌসুমে প্রবাসীরা দেশে বেশি অর্থ পাঠান, যা সামগ্রিক প্রবাহকে আরো শক্তিশালী করে।

Logo