Logo
×

Follow Us

বাংলাদেশ

কোথাও আশ্রয় পাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:১৮

কোথাও আশ্রয় পাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প

কোরবানির ঈদের আগে আলোচনায় আসা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবারো স্থানান্তরিত হয়েছে। রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে মহিষটিকে ২১ জুন সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) নিয়ে যাওয়া হয়েছে।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মহিষটিকে বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরের সময় মহিষটি সম্পূর্ণ সুস্থ ছিল।

ঈদুল আজহার আগের দিন ২৮ মে মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় আনা হয়েছিল। সেখানে এটি দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ঈদের আগে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও মহিষটি ব্যাপক আলোচনায় আসে।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়াউদ্দিন মৃধার রাবেয়া অ্যাগ্রো ফার্মে মহিষটি লালন-পালন করা হচ্ছিল। জিয়াউদ্দিন জানান, মহিষটির অস্বাভাবিক চুল দেখে তার ভাই এর নাম রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামানুসারে।

ঈদের আগে মহিষটি বিক্রি হয় কেরানীগঞ্জের জিনজিরার মনিরুজ্জামানের কাছে। খামার থেকে মহিষটিকে রাজকীয় সাজে বিদায় জানানো হয়- লালগালিচা বিছিয়ে, রঙিন ধোঁয়া উড়িয়ে। পরে মনিরুজ্জামান মহিষটিকে নিজের বাড়িতে নিয়ে যান।

তবে ঈদের আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে পুলিশ মহিষটিকে তার বাড়ি থেকে নিয়ে যায়। এরপর আলোচিত মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়। সেখানেই কয়েক সপ্তাহ কাটানোর পর এবার গবেষণা ইনস্টিটিউটে স্থানান্তর করা হলো।

Logo