বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান বিমান চলাচল কেন্দ্র বা এভিয়েশন হাবে পরিণত করার পরিকল্পনা নিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, ২০৩৪ সালের মধ্যে এ লক্ষ্য অর্জনে একটি সমন্বিত মহাপরিকল্পনা (সিভিল এভিয়েশন মাস্টারপ্ল্যান) প্রণয়ন করা হচ্ছে। পাশাপাশি দেশের বন্ধ বিমানবন্দরগুলো পুনরায় চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।
২১ জুন রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সভাপতিত্ব করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার বিশেষজ্ঞ মোহাম্মদ এল আমিরি।
অনুষ্ঠানে পরিকল্পনা প্রণয়নের পদ্ধতি, কৌশলগত গুরুত্ব এবং বাংলাদেশের জন্য একটি কার্যকর জাতীয় মাস্টারপ্ল্যান তৈরির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী বলেন, আঞ্চলিক হাব হওয়ার লক্ষ্যে দেশব্যাপী আকাশপথ সংযোগ সম্প্রসারণ, ঢাকাসহ প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে আধুনিক লজিস্টিক ও যাত্রী পরিবহন কেন্দ্রে উন্নীতকরণ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসরকারি এয়ারলাইন্সগুলোর সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকার মনে করছে, এভিয়েশন খাতকে শক্তিশালী করা হলে শুধু যাত্রী পরিবহন নয়, আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটনেও নতুন গতি আসবে। এছাড়া আঞ্চলিক যোগাযোগ বাড়বে এবং বাংলাদেশ বৈশ্বিক এভিয়েশন মানচিত্রে আরো গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারবে।
logo-1-1740906910.png)