Logo
×

Follow Us

বাংলাদেশ

মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত করার দাবি বায়রার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৪১

মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত করার দাবি বায়রার

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে দেশটির শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত, স্বচ্ছ এবং সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগভিত্তিক করার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)।

১৭ জুন প্রধানমন্ত্রী বরাবর পাঠানো এক আবেদনে বায়রার ৬৫ জন সদস্যের পক্ষে এই দাবি জানানো হয়। তারা বলেন, আগামী ২১ জুনের সফর বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সিন্ডিকেটমুক্ত ও উন্মুক্ত শ্রমবাজার প্রতিষ্ঠিত হলে দেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে এবং জাতীয় অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বায়রার সদস্যরা জানান, বিদেশে কর্মসংস্থান বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। মালয়েশিয়া বাংলাদেশের বৃহৎ শ্রমবাজার হওয়ায় এর সুষ্ঠু ও টেকসই ব্যবস্থাপনা জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। কিন্তু অতীতে সীমিত সংখ্যক এজেন্সির মাধ্যমে পরিচালিত সিন্ডিকেটভিত্তিক ব্যবস্থার কারণে কর্মীদের অভিবাসন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। দুর্নীতি ও অনিয়মের সুযোগ সৃষ্টি হয়েছে, যার ফলে অধিকাংশ বৈধ এজেন্সি ব্যবসা থেকে বঞ্চিত হয়েছে এবং শ্রমবাজার সংকটে পড়েছে। এতে কর্মী, এজেন্সি ও রাষ্ট্র; সব পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবেদনে বলা হয়, সরকারের ঘোষিত লক্ষ্য অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানো এবং রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য সব বৈধ রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ দিতে হবে। এজন্য বায়রার সদস্যরা কয়েকটি প্রস্তাব তুলে ধরেন। যেমন- নেপালসহ অন্য শ্রম প্রেরণকারী দেশের মতো মালয়েশিয়াতেও সিন্ডিকেটমুক্তভাবে কর্মী পাঠানোর সুযোগ, কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা না দিয়ে স্বচ্ছ ডিজিটাল নিয়োগ ব্যবস্থা চালু করা, অভিবাসন ব্যয় কমানো এবং ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করা।

বায়রার সদস্যরা আশা প্রকাশ করেন, ব্যবসা-বাণিজ্যে যোগ্যতা ও সক্ষমতার ভিত্তিতে সমান সুযোগ নিশ্চিত করার যে নীতি প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, মালয়েশিয়া শ্রমবাজারেও তার প্রতিফলন ঘটবে। তারা বিশ্বাস করেন, প্রধানমন্ত্রীর সফরে এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ ও সদয় হস্তক্ষেপ আসবে।

Logo