Logo
×

Follow Us

বাংলাদেশ

সৌদি আরবে চিকিৎসক পাঠাচ্ছে বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৯:২৫

সৌদি আরবে চিকিৎসক পাঠাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কাজের ভিসায় চিকিৎসক ও নার্স নিয়োগ দিতে শুরু করেছে সৌদি আরব। দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিরা দেশটিতে কাজ করলেও স্বাস্থ্য খাতে তাদের উপস্থিতি ছিল নগণ্য। প্রায় ৩০ লাখ বাংলাদেশি প্রবাসীর মধ্যে চিকিৎসকের সংখ্যা ছিল মাত্র কয়েক ডজন।

২০২২ সালে দুই দেশের মধ্যে চিকিৎসক নিয়োগের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির আওতায় ২০২৩ সালের নভেম্বরে প্রথমবার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় ৬০ জন চিকিৎসককে নিয়োগ দেয়। তবে এরপর নিয়োগ প্রক্রিয়া থমকে যায়।

সম্প্রতি ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এশা আল-দুহাইলান আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে কোনো চিকিৎসক বা মেডিকেল কর্মী নেয়নি সৌদি আরব। কিন্তু এখন আমরা দেশটি থেকে এ নিয়োগ শুরু করেছি। কারণ বাংলাদেশের স্বাস্থ্যকর্মীরা ইতোমধ্যে আমাদের মানদণ্ডে পৌঁছেছেন।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে এই সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি দল গত বছর দুইবার বাংলাদেশ সফর করেছে। তারা স্থানীয় স্বাস্থ্যকর্মীদের দক্ষতা যাচাই করে আরো নিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের অতিরিক্ত সচিব খায়রুল আলম জানান, সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে দেড়শরও বেশি প্রশিক্ষিত নার্স নিতে চেয়েছে। তবে তারা সরকারি হাসপাতাল নাকি বেসরকারি স্বাস্থ্যসেবায় নিয়োগ পাবেন, তা নিয়ে আলোচনা চলছে। আপাতত সরকার দ্রুত চিকিৎসক পাঠানোর বিষয়ে কাজ করছে এবং একটি বিস্তারিত নিয়োগনীতি তৈরি করা হবে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান। তিনি বলেন, “আমরা যত বেশি স্বাস্থ্যকর্মী পাঠাতে পারব, তত বেশি রেমিট্যান্স বাড়বে এবং দক্ষ কর্মশক্তির উৎস দেশ হিসেবে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে।”

তিনি আরো বলেন, সৌদিতে কর্মরত বাংলাদেশি ডাক্তার ও নার্সরা প্রবাসীদের চিকিৎসা সেবা দিতে পারবেন, যা তাদের জন্যও সহায়ক হবে।

Logo