মধ্যপ্রাচ্যনির্ভর শ্রমবাজার ঝুঁকিপূর্ণ: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:১৫
বাংলাদেশের শ্রমবাজারের একমুখী নির্ভরতা দেশের জন্য বড় ঝুঁকি তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেন, প্রতি বছর ১০ থেকে ১৩ লাখ মানুষ বিদেশে যায়, যাদের প্রায় ৮০ শতাংশের গন্তব্য মধ্যপ্রাচ্য। এই নির্ভরতা যে কোনো সময় দেশের লাখো পরিবারের জীবিকা হুমকির মুখে ফেলতে পারে।
১৩ জুন রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ-জাপান ক্যারিয়ার ডায়ালগ: এডুকেশন টু এমপ্লয়মেন্ট’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টার (বিজেকেসি)।
প্রতিমন্ত্রী বলেন, “আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা বেশিদিন থাকবে না। এখনই প্রস্তুতি নিতে হবে, নইলে জাপান ও ইউরোপের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানোর সুযোগ হাতছাড়া হবে।” তিনি আরো বলেন, বিদেশে কর্মী প্রেরণে সফলতা অর্জনে প্রবাসী বাংলাদেশিদের আরো কার্যকরভাবে সরকারের সঙ্গে যুক্ত করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অধ্যাপক ড. মোহাম্মদ রিদওয়ানুল হক আলোচনায় বলেন, বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে তুলতে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি।
বক্তারা উল্লেখ করেন, জাপানের শ্রমবাজারে বাংলাদেশি তরুণদের অংশগ্রহণ বাড়াতে ভাষা দক্ষতা, প্রশিক্ষণ ও সনদায়নের মানোন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও সরকারের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আরভিং এডুকেশন ও প্রবাসী সেবা লিমিটেডের যৌথ উদ্যোগে বিজেকেসির যাত্রা শুরু হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এটি বাংলাদেশের প্রথম জাপানকেন্দ্রিক ‘ওয়ান-স্টপ ক্যারিয়ার ইকোসিস্টেম’, যা শিক্ষা থেকে কর্মসংস্থানের পুরো প্রক্রিয়াকে এক প্ল্যাটফর্মে আনবে।
logo-1-1740906910.png)