বিদেশি ভাষা শিখলে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৫:৫২
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্য এসেছে বড় সুখবর। বাংলা ও ইংরেজির পাশাপাশি যদি জাপানিজ, কোরিয়ান, মান্দারিন, আরবি, ফ্রেঞ্চ কিংবা জার্মান ভাষার মতো কোনো তৃতীয় ভাষায় দক্ষতা থাকে, তাহলে উচ্চশিক্ষার জন্য পাওয়া যাবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনকালে এমন ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সরকার জানিয়েছে,
ভবিষ্যতে শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি তৃতীয় ভাষা শেখাকে বিশেষ গুরুত্ব
দেওয়া হবে। কারণ বর্তমানে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, জার্মানি, ফ্রান্স, মধ্যপ্রাচ্যসহ
বিশ্বের বিভিন্ন দেশে ভাষাজ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে।
অর্থমন্ত্রী
বলেছেন, যারা তৃতীয় ভাষায় দক্ষতা অর্জন করবে এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চাইবেন,
তাদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণের ব্যবস্থা করা হবে। এতে বিদেশে পড়তে যাওয়ার
ক্ষেত্রে শিক্ষার্থী ও তাদের পরিবারের ওপর আর্থিক চাপ অনেকটাই কমবে।
বিশেষজ্ঞরা
বলছেন, বর্তমানে শুধু ভালো রেজাল্ট থাকলেই বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ পাওয়া যায় না। অনেক দেশ ভাষাগত
দক্ষতাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি এবং চীনের
বিশ্ববিদ্যালয় ও চাকরির বাজারে স্থানীয় ভাষা জানা থাকলে বাড়তি সুবিধা পাওয়া যায়।
সরকারের মতে,
এই উদ্যোগ শুধু উচ্চশিক্ষা নয়, বিদেশে কর্মসংস্থানের নতুন দরজাও খুলে দেবে। কারণ ভাষা
দক্ষতা থাকলে শিক্ষার্থীরা পড়াশোনা শেষে আন্তর্জাতিক শ্রমবাজারে সহজে প্রবেশ করতে পারবেন।
তাই যারা এখন
স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এবং ভবিষ্যতে বিদেশে পড়াশোনা বা ক্যারিয়ার গড়তে
চান, তাদের জন্য বার্তাটি পরিষ্কার- শুধু ইংরেজি নয়, এখন থেকেই শিখতে হবে
আরো একটি আন্তর্জাতিক ভাষা। কারণ আগামী দিনের বিশ্বে ভাষা দক্ষতাই হতে পারে আপনার সবচেয়ে
বড় যোগ্যতা। আর সেই যোগ্যতা থাকলে বিদেশে উচ্চশিক্ষার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ
সুবিধাও পেতে পারেন আপনি।
logo-1-1740906910.png)